যশস্বীর যশে আর রো-কো ধামাকায় সিরিজ জয় ভারতের

আজও সাফল্যের আর এক নাম রো-কো

0
76

 

ময়দান আপডেট: টেস্ট সিরিজের বদলা ওয়ানডে ক্রিকেটে। দলকে ২-১ সিরিজ চ্যাম্পিয়ন করে কিছুটা ক্ষতে প্রলেপ পড়ল টিম ইন্ডিয়ার। একদা বিরাট-রোহিতদের নিয়েই ক্ষোভ প্রকাশ করেছিলেন দলের হেডস্যার মিস্টার গম্ভীর। লাল বলের ক্রিকেট থেকে তাই অবসর নিয়েছে রো-কো জুটি। কিন্তু পুরনো চাল ভাতে বাড়ে। সেই প্রবাদ কার্যত আবারও একবার ভারতীয় দলের মহামান্য কোচকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রোহিত-কোহলি জুটি। সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের সেরা নির্বাচিত হলেন কিং কোহলি। তিন ম্যাচের সিরিজে দুটি সেঞ্চুরি এবং শনিবার ফাইনাল ওয়ানডে ম্যাচে ৬৫ রানে অপরাজিত থেকে দলকে অনায়াসে জয়ের পাশাপাশি সিরিজ চ্যাম্পিয়ন করলেন বিরাট। আর অন্যদিকে এদিন শেষ ওয়ানডে ম্যাচে ঝকঝকে ৭৫ রানের ইনিংস দলকে উপহার দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পাশাপাশি বেশ কিছু অসাধারণ ফিল্ডিং ও ক্যাচ নিয়ে রোহিত বুঝিয়ে দিয়েছেন তিনি এখনও কতটা ফিটনেস ধরে রেখেছেন। আর নামেই অধিনায়ক কেএল রাহুল, কারণ গোটা ম্যাচ জুড়ে কখন কাকে বোলিং করাতে হবে, কোন সময়ে কি ভাবে ফিল্ডিং সাজাতে হবে সমস্তটাই মাঠে থেকে অভিভাবকের ভূমিকায় অপারেশন করেছেন হিটম্যান রোহিত শর্মাই। সুতরাং তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি যে ২০২৭ সালের বিশ্বকাপে খেলার জন্য সম্পূর্ণ যোগ্য। দলের এখনও প্রধান ভরসার জায়গা বিরাট কোহলি ও রোহিত শর্মা, সেটা নিজের মুখে স্বীকার করতে আপত্তি থাকলেও, বেশ জানেন কোচ গৌতম গম্ভীরও।


শনিবার ফাইনাল ওয়ানডে ম্যাচে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন অধিনায়ক কেএল রাহুল। ভারতীয় দলে ওয়াশিংটন সুন্দরের জায়গায় আনা হয় এদিন তিলক বর্মাকে। আর টস বড় ফ্যাক্টর তা স্পষ্ট বোঝা গেল এদিনের ম্যাচে। কারণ ভারতের আবহাওয়ায় বর্তমানে সন্ধ্যার পর শিশির পড়ছে। ফলে বল গ্রিপ করা কঠিন হয়ে যাচ্ছে বোলারদের জন্য। ফলে প্রথমে ফিল্ডিং করে নেওয়া সঠিক সিদ্ধান্ত। আর এদিন সাউথ আফ্রিকার ইনিংসে অসাধারণ ব্যাটিং উপহার দেন অভিজ্ঞ কুইন্টন ডি-কক। ভারতের বিরুদ্ধে ওয়ানডেতে এদিন নিজের সপ্তম সেঞ্চুরি দলকে উপহার দেন ডি-কক। করেন ১০৬ রান। তবে এর আগে পর্যন্ত যতবার ডি-কক ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন, সাউথ আফ্রিকা জিতেছে। তবে এদিন সেই মিথ ভেঙে গেল। জয় পেল ভারত। তবে কুইন্টন ছাড়া সে ভাবে বড় পার্টনারশিপ গড়তে ব্যর্থ সাউথ আফ্রিকা। টেম্বা ভাবুমা করেন দলের দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান। কুলদীপ-প্রসিদ্ধ কৃষ্ণাদের বলের সামনে মাত্র ২৭০ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৪ টি করে উইকেট নেন কুলদীপ ও কৃষ্ণা।

জবাবে ব্যাট করতে নেমে ঠান্ডা মাথায় অনবদ্য পার্টনারশিপ গড়ে তোলেন তরুণ তুর্কি যশস্বী জয়সওয়ালকে সঙ্গে নিয়ে অভিজ্ঞ রোহিত শর্মা। প্রোটিয়ান বোলাররা রীতিমতো ক্লান্ত হয়ে যান এই জুটিকে ভাঙতে। ৭৩ বলে ৭৫ রানের অবনদ্য ইনিংস দলকে উপহার দিয়ে আউট হন রোহিত। অন্যদিকে দুর্দান্ত সেঞ্চুরি উপহার যশস্বী জয়সওয়ালের। ১২১ বলে ১১৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন যশস্বী। অন্যদিকে ৪৫ বলে ৬৫ রানের অপরাজিত থেকে যান কিং কোহলি। হাসতে-হাসতে ৯ উইকেটে ভারত ম্যাচ জিতে নেয় ৬১ বল বাকি থাকতেই। ফলে ২-১ এ সিরিজ চ্যাম্পিয়ন হয়ে টি-২০ টুর্নামেন্টের আগে নিজেদের মনোবল বাড়াল ভারতীয় দল।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here