মোহনবাগান মাঠে ফিরছে কলকাতা লিগ, সিদ্ধান্ত মোহনবাগানের বৈঠকে

0
73

সৌম্য দাশ, প্রতিনিধি

ময়দান আপডেট: মোহনবাগান ক্লাবে দেবাশীষ-সৃঞ্জয় জুটিতে নতুন কমিটি গঠিত হওয়ার পর সমর্থকদের প্রত্যাশার পারদ বেড়েছিল হাজারোগুন। কারণ অনেকেই বলেছিলেন টুটু বসু-অঞ্জন মিত্র জুটির পর এবার মোহনবাগান ক্লাবে উন্নয়নের জোয়ার আসবে দেবাশীষ-সৃঞ্জয় জুটির হাত ধরে। কিন্তুর বাস্তবে ছবিটা সম্পূর্ণ ভিন্ন। দেখতে-দেখতে কেটে গেছে ছয়মাস। তার মধ্যে ২৯ জুলাই মোহনবাগান দিবস নিয়ে কর্মসমিতির বৈঠকের পর দ্বিতীয় কর্মসমিতির বৈঠক হয়েছে প্রায় পাঁচমাস পর। ফলে যথেষ্ট হতাশ সমর্থকরা। অথচ মোহনবাগান ক্লাবে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দুই তরফেই এসেছিল অনেক প্রতিশ্রুতি। দীর্ঘ নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়েছে দুই শিবির থেকেই। অথচ সেভাবে এখনও বাস্তবিত হয়নি সিংহভাগই। তারই মধ্যে শনিবার মোহনবাগান ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক কর্মসমিতির বৈঠক ( AGM) । আর এদিন বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগামী দিনে কাজের ইতিবাচক কিছু সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সভাপতি দেবাশীষ দত্ত ও সৃঞ্জয় বসু। সমর্থকদের দাবিদাওয়া বিবেচনা করা হবে বলে জানান তাঁরা। তবে তাৎপর্যপূর্ণ ভাবে মোহনবাগান সমর্থকদের জন্য সুখবর। আগামী মরশুমেই কলকাতা লিগ ফিরতে পারে ক্লাবের নিজস্ব মাঠে। বার্ষিক সাধারণ সভাতেই কার্যত সেটা নিশ্চিত হয়ে গেল। কলকাতা লিগ মোহনবাগান মাঠে হোক, এটা অনেক দিনের দাবি ছিল সমর্থকদের। তবে এবার সেই দাবিতেই শিলমোহন পড়ল। সমর্থকদের উপস্থিতিও ছিল নজরকাড়ার মতো। পাঁচশোর বেশি সবুজ-মেরুন সমর্থক শনিবার ক্লাব তাঁবুতে উপস্থিত ছিলেন। ২০২৪-২৫ আর্থিক বছরের ক্লাবের কাজের রিপোর্ট অনুমোদন করা হয় এই সভায়।

এদিনের সভা থেকে প্রবীণ সদস্যদের জন্য বিশেষ উদ্যোগে ছাড়পত্র দিয়েছে ক্লাবের কার্যকরী কমিটি। কোনও সদস্য ৫০ বছর বা তার বেশি সময় ধরে ক্লাবের সদস্য থাকলে, তাঁকে আর সদস্যপদ নবীকরণ করতে হবে না। ক্লাবের তরফ থেকে আজীবন সদস্যপদ পাবেন তিনি। এ ছাড়া কোনও সদস্যের মৃত্যু হলে তাঁর পরিবারের কোনও সদস্য চাইলে ক্লাবের সদস্যপদ নিতে পারবেন নির্ঝঞ্ঝাটে। তবে সদস্যপদের চাঁদা তাঁকে দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here