
ময়দান আপডেট: মোহনবাগান ম্যানেজমেন্টের বিরুদ্ধে বেশ কয়েক মাস ধরে প্রতিবাদে সরব মেরিনার্সরা। আইএফএ শিল্ডের ম্যাচ চলাকালীন নিয়ম করে গ্যালারিতে চলেছে বিক্ষোভ-প্রতিবাদ। পাশাপাশি কিশোরভারতী স্টেডিয়ামের সামনে সমর্থকদের বিক্ষোভ হঠাতে পুলিশের লাঠিচার্জ ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারাও নিয়েছিল। মোহনবাগান দল কেন ইরানে এএফসির ম্যাচ খেলতে গেল না ম্যানেজমেন্ট জবাব দাও! থেকে শুরু করে ক্লাবের মিডিয়া মিডিয়া ম্যানেজার সহ অন্য দুই ব্যক্তির পদত্যাগের দাবি জানিয়ে চলেছে প্রতিবাদ। তবে বেশ কিছুদিন আন্দোলন থেকে মেরিনার্সরা বিরত ছিলেন। ইতিমধ্যেই মোহনবাগানের কোচ বদল হয়েছে। মোলিনার জায়গায় ঘোষিত হয়েছে কোচ হিসাবে সার্জিও লোবেরার নাম। যদিও ভিসা সমস্যার কারণে তিনি এখনও শহরে আসেননি। কিন্তু মোহনবাগানের অনুশীলন দেখতে ভিড় করছেন সমর্থকরা। ফলে মনে হচ্ছিল মেরিনার্সদের আন্দোলন হয়তো গতি হারিয়েছে। কিন্তু আবারও শনিবার মোহনবাগান ম্যানেজমেন্টের বিরুদ্ধে ফ্ল্যাগ-ফেস্টুন নিয়ে গোষ্ঠপালের মূর্তির সামনে থেকে মোহনবাগান ক্লাবের বাইরে পর্যন্ত বিক্ষোভ ও প্রতিবাদে সামিল হন মোহনবাগান সমর্থকরা।

একদিকে ষখন এদিন দুপুরে ক্লাবের ভিতরে বার্ষিক সাধারণ সভা চলছে, ঠিক তখনই ক্লাবের বাইরে ম্যানেজমেন্টের বিরুদ্ধে স্লোগান ও প্রতিবাদ দেখান মেরিনার্সরা। যদিও এদিন ক্লাবের ভিতর ঢুকতে দেওয়া হয় নি সমর্থকদের। গেট বন্ধ করে রাখে পুলিশ। তবে রাস্তাতেই প্রতিবাদে সরব হন তাঁরা। তাঁদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সমর্থকরা। পাশাপাশি মোহনবাগান ক্লাবের নির্বাচনী ইস্তেহারে প্রকাশ করা প্রতিশ্রুতি কবে পূরণ করবে নয়া কমিটি সেই দাবিতেও সোচ্চার মোহনবাগানের বিভিন্ন ফ্যানস ক্লাবের সদস্যরা।
