ময়দান আপডেট: অবশেষে জল্পনার অবসান। ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর গ্রুপ বিন্যাস সামনে চলে এল। আর বিশ্বকাপের গ্রুপ পর্বেই বেশ কিছু গ্রুপে হাইভোল্টেজ লড়াইয়ের সম্ভবনা। তবে অপেক্ষাকৃত সহজ গ্রুপে লড়াই করবে কয়েকটি বিশ্ব ফুটবলের হাইপ্রোফাইল দল। শুক্রবার আমেরিকার ওয়াশিংটনের জনএফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টসে হয়ে গেল বিশ্বকাপের গ্রুপবিন্যাস। আগামী বছর ১১ জুন থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। তার ঠিক ১৮৮ দিন আগে ঘোষণা হল এই মেগা আসরের গ্রুপ বিন্যাস। তুলনামূলক সহজ গ্রুপে রয়েছে মেসির আর্জেন্টিনা। আর্জেন্টিনাকে বিশ্বকাপে দেখা যাবে গ্রুপ J তে। এই গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসাবে রয়েছে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। পাশাপাশি এবার অপেক্ষাকৃত সহত গ্রুপে রয়েছে ব্রাজিলও। সাম্বা বাহিনী রয়েছে গ্রুপ C- তে। যেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি।

তবে বিশ্বকাপের মঞ্চে এবার কিছুটা কঠিন গ্রুপে রয়েছে পর্তুগাল। তারা রয়েছে K গ্রুপে। যাদের প্রতিপক্ষ শক্তিশালী কলম্বিয়া। এছাড়াও উজবেকিস্থান ও প্লে-অফ ১ এর জয়ী দল। তবে সিআর সেভেনের ভক্তরা মনে প্রাণে চাইছেন এবার বিশ্বকাপের ট্রফিটা রোনাল্ডোর হাতে দেখতে। কারণ জীবনে সমস্ত ধরনের ট্রফি পেলেও, এখনও পর্যন্ত কেবলমাত্র বিশ্বকাপের ট্রফিটাই অধরা থেকে গেছে রোনাল্ডোর কাছে। তাই এবার সেই স্বপ্নপূরণ হোক প্রত্যাশা সমর্থকদের। অপরদিকে আয়োজক তিন দেশ মেক্সিকো, কানাডা এবং আমেরিকাকে রাখা হয় যথাক্রমে A, B এবং C গ্রুপে। গ্রুপ এ-তে মেক্সিকো, কোরিয়া রিপাবলিকের সঙ্গে যুক্ত হয় দক্ষিণ আফ্রিকা। মেক্সিকো বনাম দক্ষিণ দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে আসন্ন বিশ্বকাপ। যা ২০১০ বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে আনল। ১৫ বছর আগেও এই দুই দেশ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল।

উল্লেখ্য প্রথমবার ৪৮টি দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে। দেশের সংখ্যা বেড়ে যাওয়ায় ড্র সহজ হতে পারে, এমন অনুমান আগেই করা হয়েছিল। আদপে হলও তাই। ১২টি গ্রুপের কোনওটিকেই সে ভাবে ‘গ্রুপ অফ ডেথ’ বা মারণগ্রুপ বলা যায় না। তিনটি শক্তিশালী দেশ রয়েছে, এমন গ্রুপ হয়ইনি। দেশের সংখ্যার সঙ্গে বিশ্বকাপে বাড়বে ম্যাচের সংখ্যাও। এতদিন ৩২ দলের বিশ্বকাপে হত ৬৪ ম্যাচ। এবার সেখানে আয়োজিত হবে ৮০ ম্যাচ। ৪৮টি দেশকে ১২টি আলাদা আলাদা গ্রুপে ভাগ করে শুরু হবে গ্রুপ পর্বের খেলা। সেই গ্রুপ বিন্যাস ঘোষণা হল।

এদিন বিশ্বকাপের গ্রুপ বিন্যাস দেখতে বিশ্বকাপে খেলতে চলা দেশগুলির সমর্থকেরা হাজির হয়েছিলেন। শুধু তাই নয়, আমেরিকার জাতীয় ফুটবল লিগ এবং বাস্কেটবল লিগের তারকারা এসেছিলেন। ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি, আমেরিকার কোচ মৌরিসিয়ো পোচেত্তিনো-সহ বিভিন্ন দেশের কোচকে দেখা গিয়েছে। বিশ্বকাপ ড্রয়ে তিন মহাদেশের ম্যাসকটরাও ছিল। বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেম গাইলেন নিকোল শেরজিঙ্গার ও রবি উইলিয়ামস। অ্যান্থেমের নাম ‘ডিজায়ার’। ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো-ও।

