ময়দান আপডেট: লাল বলে টেস্ট সিরিজে প্রোটিয়াদের কাছে হারের পর ঘরে- বাইরে চরম সমালোচনার মুখে পড়েছিলেন গৌতম গম্ভীর। তবে ওয়ানডে সিরিজে দেশকে জয় উপহার দিয়ে কার্যত গম্ভীর ও তাঁর সহকারী কোচদের চাকরি এই যাত্রায় বাঁচিয়ে দিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ফলে কিছুটা স্বস্তি। তবে এদিন ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে সিরিজ জিতে আবারও চেনা ভঙ্গিমায় গম্ভীর। যেন সিরিজ জয়ের সব কৃতিত্ব কেবল তারই। পাশাপাশি বুঝিয়ে দিলেন তিনিই দলের সুপ্রিমো, তিনিই দলের শেষ কথা। গম্ভীরের কথা থেকে স্পষ্ট, যত দিন তিনি কোচ রয়েছেন, তত দিন তাঁর কথাই শেষ। বাইরের কারও সমালোচনা বা পরামর্শ, কোনওটাই শুনবেন না তিনি। তবে আসন্ন টি-২০ সিরিজে আবার দলে থাকবেন না রো-কো জুটি। ফলে সেখানে আবার সাউথ আফ্রিকার কঠিন চ্যালেঞ্জের সম্মুখহীন হতে হবে ভারতীয় দলকে। ৯ ডিসেম্বর কটকে প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামবে সূর্যকুমার যাদবের দল। আর এখন থেকে কটকে টিকিট নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা চরমে। কার্যত টিকিটের হাহাকার। আর এরপর ১১, ১৪, ১৭ ও ১৯ তারিখ যথাক্রমে নিউ চন্ডিগড়, ধরমশালা, লখনউ ও আমেদাবাদে টি-২০ ম্যাচে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা। তবে সেই লড়াইয়ে রো-কো জুটি না থাকায় গম্ভীরের দলের ভরসা শুভমান গিল। কিন্তু ভারতীয় দলের টেস্টের অধিনায়ক শুভমান প্রথম টেস্টেই চোট পেয়ে দল থেকে ছিটকে যান। ফলে ওয়ানডে সিরিজেও খেলতে পারেন নি। তাঁর জায়গায় অধিনায়কত্ব করেন কেএল রাহুল। তবে আশঙ্কা ছিল গিলকে টি-২০ সিরিজে দেখা যাবে কিনা! অবশেষে স্বস্তির খবর ডাক্তারদের ফিটনেস পরীক্ষায় সফল হয়ে দলে কামব্যাক করতে চলেছেন শুভমান গিল।

ভারতের দল ঘোষণার সময় শুভমনকে রাখা হয়েছিল। শুভমনকে দলে রাখলেও বলা হয়েছিল, চিকিৎসকেরা ছাড়পত্র দিলে তবেই খেলতে পারবেন তিনি। সেই ছাড়পত্র পাওয়া গিয়েছে। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছেন শুভমন। সেখানকার এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, “সেন্টার অফ এক্সেলেন্সে শুভমন নিজের রিহ্যাব ভাল ভাবে করেছে। তিনটে ফরম্যাটে খেলার জন্য যে যোগ্যতামান প্রয়োজন, তা ও পূর্ণ করেছে। তাই ওকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে খেলার অনুমতি দেওয়া হয়েছে।”

