ময়দান আপডেট: হরিয়ানার কাছে ২৪ রানে হেরে এই মরসুমের মতো সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফির সফর শেষ করল বাংলার দল। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল বাংলাকে। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সোমবারের ম্যাচ ছিল বাংলার কাছে ডু অর ডাই লড়াই। টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলা। হরিয়ানা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে। নিশান্ত সিন্ধু করেন ৩১ বলে সর্বাধিক ৪৮ রান। মহম্মদ শামি ৪ উইকেট নেন, ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে। চলতি টুর্নামেন্টে দ্বিতীয়বার ম্যাচে চার উইকেট দখল করে ৭ ম্যাচে ১৬ উইকেট নিয়ে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় তিনে পৌঁছে যান তিনি।
জবাবে ব্যাট করতে নেমে বাংলা অল আউট হয়ে গেল ২০ ওভারে ১৬৭ রানেই। অভিষেক পোড়েল ২৪ বলে ৪৭, ঋত্বিক চট্টোপাধ্যায় ৩৩ বলে ৪৪ ও যুবরাজ কেসোয়ানি ১৪ বলে ২৫ রান করেন। এদিন বাংলার শেষ পাঁচ উইকেট পড়ে ২২ রানের ব্যবধানে। ১২ ওভারের শেষে স্কোর ছিল ৪ উইকেটে ১২৩। এরপর থেকেই ম্যাচের রাশ নেয় হরিয়ানা। অংশুল কম্বোজ, সুমিত কুমার, ইশান্ত ভরদ্বাজ ও সামন্ত জাখর দুটি করে উইকেট নেন।

অন্যদিকে কোচবিহার ট্রফিতে এলিট গ্রুপ ডি-র শীর্ষে থাকা গোয়ার বিরুদ্ধে বড় রানের দিকে এগিয়ে চলেছে বাংলা। চন্দ্রহাস দাশের নেতৃত্বাধীন দল এই মুহূর্তে পয়েন্ট তালিকার দুইয়ে আছে। গোয়া ও বাংলার পয়েন্টের ব্যবধান ৬। আজ কল্যাণীর বেঙ্গল ক্রিকেট আকাদেমির মাঠে গোয়া টস জিতে বাংলাকে ব্যাট করতে পাঠায়।প্রথম চার ব্যাটার হাফসেঞ্চুরি হাঁকানোয় প্রথম দিনের শেষে বাংলার স্কোর ৯০ ওভারে ৫ উইকেটে ২৯৩ রান।আত্মজ মণ্ডল ১০৭ বলে ৬৩ ও আদিত্য রায় ১৭৬ বলে ৭৯ রান করেছেন। ওপেনিং জুটিতে তাঁরা যোগ করেন ৩৩ ওভারে ১০৮ রান। অধিনায়ক চন্দ্রহাস তিনে নেমে ১০২ বলে ৫৫ রান করেন। উইকেটকিপার অভিপ্রায় বিশ্বাসের অবদান ৮৯ বলে ৫৬। রোহিত ছয় বল খেলে কোনও রান করতে পারেননি। সায়ন পাল ৪৬ বলে ৩৩ ও আশুতোষ কুমার ১৪ বলে ৫ রানে অপরাজিত আছেন। শিবেন বর্কার পেয়েছেন ২ উইকেট।

