ময়দান আপডেট: সামনেই বড়দিন ও নিউ ইয়ার। তবে এই বছর শীতের শহরে সান্তা ক্লজ হয়ে বড়দিনের আগেই শহরে আসছেন লিওনেল মেসি। মেসিকে একবার চোখের দেখার অপেক্ষায় বেশ কয়েকমাস ধরেই উন্মাদনা তুঙ্গে মেসি ভক্তদের। একটা টিকিট পাওয়ার জন্য যত টাকাই খরচ হোক না কেন ডোন্ট কেয়ার ! আর হবে নাইবা কেন ! আর্জেন্টাইন মহাতারকা এলএম টেন যে অনেক বাঙালির স্বপ্নের আইকন। আবেগের ভালোবাসার আর এক নাম লিওনেল মেসি। রাতের পর রাত জেগে মেসির খেলা উপভোগ করেন দেশের কোটি-কোটি মানুষ। আর সেই বাঁ-পায়ের ম্যাজিশিয়ান ১৪ বছর পর আবার ফুটবলের প্রাণকেন্দ্র বাংলা তথা কলকাতায় আসছেন বলে কথা। সুতরাং দূর থেকে হলেও একবার মেসির হাসিমুখ দেখতে চান বাংলার ফুটবলপ্রেমীরা। তাছাড়াও মাত্র কয়েক মাস পরেই আবারও একটা ফুটবল বিশ্বকাপ। শেষবার মেসির হাতে বিশ্বকাপ দেখেছে বিশ্ববাসী। আবারও একবার লিও এর হাতে বিশ্বকাপ দেখতে চান আর্জেন্টাইন সমর্থকরা। হয়তো এটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে মেসির। ফলে তার আগে নিজের শহরেই ফুটবলের রাজপুত্রকে শুভেচ্ছা জানাতে চান তিলোত্তমার বাসিন্দারা।

মেসির সফরসূচিতে এবার কলকাতায় বিশেষ চমক থাকছে মেসির জন্য। কলকাতার ভিআইপি রোডের উপর লেকটাউনে বসানো হয়েছে লিওনেল মেসির একটি বিশাল ৭০ ফুট উচ্চতার মূর্তি। মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে লেকটাউনে জোরকদমে চলছে এই বিশাল আকারের লিও-র মূর্তি তৈরি করার কাজ। যা নিজের হাতে ১৩ তারিখ উদ্বোধন করার কথা ছিল মেসির। কিন্তু সম্ভবত লেকটাউনে নিজের মূর্তি হোটেল থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন মেসি। কারণ সূত্রের খবর নিরাপত্তার কারণে তিনি হোটেল থেকেই ভার্চুয়ালি মূর্তি উদ্বোধন করতে পারেন। বর্তমানে যা পরিস্থিতি তাতে মেসির যাওয়া নিয়ে নিরাপত্তাজনিত কিছুটা সমস্যা হওয়ায় হোটেল থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করবেন নিজের মূর্তি। ১৩ ডিসেম্বর সকালে এই মূর্তি উদ্বোধন হবে। উল্লেখ্য এটি বিশ্বের বৃহত্তম মেসি মূর্তির হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে। এটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে এত বিশাল আকারের নিজের মূর্তি উন্মোচন করার খবর ইতিমধ্যেই লিও-এর কাছে পৌঁছে দিয়েছেন শতদ্রু দত্ত। আর এই বিরাট আকারের মূর্তি তৈরির কথা জানতে পেরে যথেষ্ট উচ্ছ্বসিত লিওনেল মেসি।


[…] […]