ময়দান আপডেট: সাউথ আফ্রিকা টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ভালো কামব্যাক করলেও, রবিবার ধরমশালায় আবারও মুখ থুবরে পড়ল প্রোটিয়ানরা। অতি-সহজেই একতরফা ম্যাচে সাউথ আফ্রিকাকে হারিয়ে টি-২০ সিরিজে আবারও ২-১ এ এগিয়ে গেল ভারতীয় দল। এদিন ধরমশালায় টস ভাগ্য ম্যাচের ভাগ্য ফেরাল অবশেষে। কারণ শেষ দুই ম্যাচে যারা টস জিতেছিল তারা ম্যাচ হেরে গিয়েছিল। কিন্তু এদিন ভারত টস জিতলেও ম্যাচও জিতল। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন। আর ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে প্রোটিয়ানরা। শুরুতেই ১ রানে ডি-কক ও ০ রানে হেন্ডরিস্ককে ফিরিয়ে দেন আর্শদীপ সিং। এরপর ২ রানে ব্রেভিসকে ফিরিয়ে দেন হর্ষিত রানা। ট্রিসটন স্টাবসকে ৯ রানে আউট করে দেন হার্দিক পান্ডিয়া। সাউথ আফ্রিকার ইনিংসে একাই লড়াই চালিয়ে যান অধিনায়ক আদিন মার্করাম। এরপর করবিন বশকে ৪ রানে বোল্ড করে দেন শিবম দুবে। এরপর ফেরেরাকে ২০ রানে এবং জনসনকে ২ রানে পর-পর বোল্ড করে দেন ভারতীয় দলের রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী। অন্যদিকে উইকেট ধরে রেখে ৪৬ বলে ৬১ রানের ভালো ইনিংস খেলে অর্শদীপ সিং এর বলে ফিরে যান আদিন মার্করাম। মাত্র ১১৭ রানে অলআউট হয়ে যায় সাউথ আফ্রিকা। ভারতের হয়ে ২ টি করে উইকেট নেন আর্শদীপ, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা আক্রমণাত্বক মেজাজে ব্যাট চালান শুভমান গিল ও অভিষেক শর্মা। তবে এরপর অল্প রানের টার্গেট থাকায় কিছুটা মন্থর গতিতে উইকেট ধরে রেখে ব্যাট করতে থাকেন দুইজনেই। তবে করবিন বশের বলে ৩৫ রানে আউট হয়ে ফিরে যান অভিষেক শর্মা। এরপর তিলক বর্মাকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে ব্যাট চালাতে থাকেন শুভমান। কিন্তু গিলকে ২৮ রানে বোল্ড করে দেন মার্কো জনসন।

চার নম্বরে মাঠে আসেন সূর্যকুমার যাদব। তবে তখন আর জয়ের জন্য লক্ষ্যমাত্রা বাকি ছিল মাত্র ২৬। তাও জিতিয়ে মাঠ ছাড়তে পারলেন না অধিনায়ক। এদিনও ব্যর্থ সূর্য। মাত্র ১২ রানে নুঙ্গি এনগিডির বলে বাজে শট খেলে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ফলে ভারত জিতলেও প্রশ্নের মুখে অধিনায়কের ভূমিকা। তিলক বর্মা অপরাজিত থাকেন ২৬ রানে। শিবম দুবে ১০ রানে। ১৫ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।
শিবশঙ্কর পাল ক্রিকেট অ্যাকাডেমিকে হারিয়ে ট্রফি ঘরেই রাখল বালক সংঘ

