ময়দান আপডেট: বিসিসিআই এর নির্দেশ মেনে অবশেষে চাপের মুখে পড়ে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিল কেকেআর। বিকল্প ক্রিকেটারের নাম পরে ঘোষণা করবে নাইট রাইডার্স। দেশের নাগরিকদের ভাবাবেগের কথা ভেবে কড়া পদক্ষেপ গ্রহণ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দিতেই হবে মুস্তাফিজুর রহমানকে। কেকেআর-কে স্পষ্ট বার্তা দেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া। সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেয় বিসিসিআই। বদলে অন্য কোনও প্লেয়ারকে চাইলে তারা নিতে পারে কেকেআর। আর বোর্ডের সিদ্ধান্তেই সিলমোহর দিয়ে বাংলাদেশের পেসারকে ছেড়ে দিল নাইটরা।

নিলামে তাঁকে ৯ কোটি ২০ লাখ টাকা দিয়ে কিনেছিলেন কেকেআর কর্তৃপক্ষ। আইপিএলের অন্যতম সফল বোলার মুস্তাফিজুর। বাংলাদেশের বাঁহাতি জোরে বোলার ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করতে পারেন। সে কথা মাথায় রেখেই দলের বোলিং শক্তিশালী করার জন্য মুস্তাফিজুরকে দলে নেন বেঙ্কি মাইসোরেরা। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশের পর তাঁকে খেলাতে পারবে না শাহরুখ খানের দল। পরিবর্তে অবশ্য অন্য কাউকে সই করানোর সুযোগ থাকছে কেকেআর কর্তৃপক্ষের কাছে।
টি-২০ বিশ্বকাপে চোকার্সের তকমা কাটানোর চ্যালেঞ্জ গতবারের রানার্স প্রোটিয়াদের
