ময়দান আপডেট: আগামিকাল রবিবার দুপুর দেড়টায় বরোদায় প্রথম ওয়ানডে ম্যাচে কিউয়িদের বিরুদ্ধে শুভমানের নেতৃত্বে খেলতে নামছে ভারতীয় দল। যে দলে অবশ্য প্রধান স্তম্ভ হিসাবে রয়েছেন রো-কো জুটি। যা গিলের দলের ছত্রছায়ার মতো ভরসা যোগাবে। কারণ বছরের শেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। আর সেই সিরিজে জয়ের নেপথ্যে অবশ্যই বড় ভূমিকা ছিল রোহিত-কোহলি জুটির। তিন ওয়ানডে ম্যাচে বিরাট কোহলি দুটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি দলকে উপহার দিয়েছিলেন। ফলে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে শক্তিশালী কিউয়িদের দল হলেও, কাগজে-কলমে অবশ্যই ফেভারিট ভারত।

এদিন সাংবাদিক সম্মেলনে এসে নিউজিল্যান্ডের সিরিজ নিয়ে দলের প্রস্তুতির বিষয়ে বার্তা দেওয়ার পাশাপাশি নিজের টি-২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়া নিয়েও মুখ খুলেছেন শুভমান গিল। তিনি বিশ্বকাপ থেকে বাদ পড়া প্রসঙ্গে জানান, “যেখানে আমার থাকার কথা, সেখানেই আছি। আমার ভাগ্যে যা লেখা আছে, সেটা তো হবেই। তবে একজন খেলোয়াড় হিসাবে সব সময় আশা করি বিশ্বকাপ দলে থাকব এবং দেশকে জেতানোর চেষ্টা করব। তবে আমি নির্বাচকদের সিদ্ধান্তকে সম্মান করি। তাঁরা তাঁদের মতো করে সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের দলকে টি-২০ বিশ্বকাপের জন্য শুভেচ্ছা।”

অন্যদিকে কিউয়িদের বিরুদ্ধে সিরিজে তিনি যে প্রতিপক্ষ দলকে যথেষ্ট সমীহ করছেন তাও উল্লেখ করেছেন। তিনি বলেছেন,‘‘সব সিরিজই আলাদা,গুরুত্বপূর্ণও। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা সব সময় উপভোগ করি। কোন পরিস্থিতিতে কোন ক্রিকেটার সবচেয়ে বেশি কার্যকর হবে, সেটা ঠিক করা গুরুত্বপূর্ণ। সেইমতো প্রথম একাদশ তৈরি করতে হয়। কোনও ফরম্যাটই সহজ নয়। নিউজিল্যান্ড যথেষ্ট শক্তিশালী দল। মাথায় রাখতে হবে, ২০১১-র পর আমরা একদিনের বিশ্বকাপ জিততে পারিনি। ভাল ফল করতে হলে ভাল খেলতে হবে। একাগ্রতা বজায় রাখতে হবে।’’

পাশাপাশি এদিন রো-কো জুটি দলে থাকায় দলের শক্তি যে হাজানোগুন বেশি আছে তাও স্বীকার করে নিয়েছেন গিল। “ওয়ানডেতে বিশ্বের অন্যতম সেরা ওপেনার রোহিতভাই। অন্যদিকে, ওয়ানডেতে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার কোহলিভাই। দু’জনের প্রচুর অভিজ্ঞতা। যখনই কোনও কঠিন পরিস্থিতি তৈরি হয়ম ওরা এগিয়ে এসে পরামর্শ দেয়। দু’জন থাকলে চাপ লাঘব হয়।“

পাশাপাশি বরোদায় ডিউ ফ্যাক্টর কাজ করতে পারে। ফলে টস জিতে প্রথমে ফিল্ডিং করাটাই সঠিক সিদ্ধান্ত হবে বলে জানান অধিনায়ক শুভমান গিল। কারণ পরে বল করলে সমস্যায় পড়তে হবে বোলারদের।
ইউপি ওয়ারিয়ার্সকে ১০ রানে হারিয়ে জয়ী গুজরাত জায়েন্টস ওম্যান্স
