ময়দান আপডেট: টি-২০ বিশ্বকাপ শেষ হতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কাউন্টডাউন শুরু। চলতি মাসেই শুরু হতে চলেছে আইপিএল ২০২৬। তবে আপাতত ২৮ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত আইপিএলের ২০ টি ম্যাচের ক্রীড়াসূচি ঘোষণা করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। তার কারণ এই বছর সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ফলে ভোটের দিন ঘোষণার পরেই আইপিএলের বাকি ক্রীড়াসূচি ঘোষণা করবে বিসিসিআই। গতবছর প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ফলে প্রতিবারের মতো নিয়ম মেনেই চ্যাম্পিয়ন দল আরসিবি এবার আইপিএলে প্রথম ম্যাচ খেলবে। গতবার আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পর চেন্নাস্বামী স্টেডিয়ামে বিরাটদের সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে যে বিশৃঙ্খলার ছবি উঠে এসেছিল, পাশাপাশি পদপৃষ্ট হয়ে বহু মানুষের মৃত্যুর ঘটনার জেরে আইপিএলের ইতিহাসে কালো অধ্যায় তৈরি হয়। ফলে এবার বিরাটদের নিজের মাঠে আইপিএলের উদ্বোধনী ম্যাচ দেওয়া হবে কিনা তাই নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কিন্তু অবশেষে ধোঁয়াশা কাটিয়ে আরসিবির ঘরের মাঠেই তারা আইপিএল ২০২৬ এর উদ্বোধনী ম্যাচে খেলার সুযোগ পাবে। ২৮ মার্চ আরসিবি বনাম হায়দরাবাদ ম্যাচ দিয়ে শুরু আইপিএলের।

আর আইপিএলের দ্বিতীয় দিনেই ২৯ মার্চ কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে।যদিও অ্যাওয়ে ম্যাচ। মুম্বইয়ের ওয়াংখেড়েতে প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। আর ২ এপ্রিল কলকাতায় ইডেন গার্ডেন্সে প্রথম হোম ম্যাচ খেলবে কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। এছাড়াও নাইটদের আরও দুটি হোম ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে।

৬ এপ্রিল ইডেনে নাইটদের প্রতিপক্ষ পঞ্জাব কিংস। ৯ এপ্রিল ইডেনে নাইটদের প্রতিপক্ষ লখনউ সুপার জায়েন্টস। পাশাপাশি উল্লেখ্য ৩০ মার্চ আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। গোয়াহাটিতে প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। একইসঙ্গে উল্লেখ্য ১৫ মার্চ দিল্লিতে আইপিএলের দলগুলির অধিনায়কদের ফটোশ্যুট করানোর সিদ্ধান্ত বিসিসিআইয়ের।
ভারতীয় ফুটবলের নর্থ-ইস্ট মডেল অনুসরণ করে আরও জীতেন-তারক তুলে আনাই কি সমাধান?
