ময়দান আপডেট: লখনউ-তে চতুর্থ টি-২০ ম্যাচ বাতিল হয়ে যাওয়ায়, শুক্রবার আমেদাবাদে গৌতম গম্ভীরের দল ২০২৫ সালের শেষ ম্যাচ খেলতে নামার আগে কিছুটা টেনশেন মুক্ত হলেও, শেষ ম্যাচ জিতে ৩-১ এ সিরিজ চ্যাম্পিয়ন নিশ্চিত করতে মরিয়া দল। কারণ আমেদাবাদে হেরে গেলে ২-২ এ টি-২০ সিরিজ ড্র হয়ে যাবে সাউথ আফ্রিকার বিরুদ্ধে। ফলে কোনও রমক ঝুঁকি নিতে নারাজ টিম ইন্ডিয়া। তবে তারই মধ্যে খারাপ খবর ভারতীয় দলের জন্য। কারণ একের পর এক চোট আঘাত যেন পিছু ছাড়ছে না দলের তারকা ক্রিকেটার তথা টি-২০ সহ-অধিনায়ক শুভমান গিলকে। কারণ এর আগে ইডেনে সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ঘাড়ে চোট পেয়ে টেস্ট এবং ওয়ানডে সিরিজে খেলতে পারেননি শুভমান। এবার গোড়ালির চোটে কাবু টিম ইন্ডিয়ার টি-২০ এর সহ-অধিনায়ক। জানা গিয়েছে, লখনউয়ে অনুশীলন চলাকালীন চোট পেয়েছিলেন। সেই কারণে লখনউয়ের পর আমেদাবাদেও তিনি খেলতে পারবেন কি না, থাকছে প্রশ্ন। স্ক্যান করে বোঝা যাবে আঘাত কতটা গুরুতর। কিন্তু শুক্রবারের ম্যাচে গিল আদৌ খেলবেন কিনা, সেই প্রশ্নের উত্তর অজানাই। তাই বিকল্প ভাবনা তৈরি রাখতে হবে গম্ভীরকে।

অন্যদিকে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বই বনাম রাজস্থান ম্যাচের মাঝেই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল যশস্বী জয়সওয়ালকে। ম্যাচ চলাকালীন পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল যশস্বীর। মনে করা হয়েছিল সংক্রমণ হয়েছে। আল্ট্রাসাউন্ড পরীক্ষার পর জানা যায়, তিনি ‘অ্যাকিউট গ্যাস্ট্রোএনটেরাইটিস’-এ ভুগছেন। তাঁকে ওষুধ দেওয়া হয়েছে। তবে আপাতত ভালো আছেন ভারতীয় দলের এই তরুণ ওপেনার।

অন্যদিকে অসুস্থ ভারতীয় দলের আরও এক তারকা স্পিনার। যদিও দীর্ঘদিন ভারতীয় দলের বাইরেই রয়েছেন তিনি। যেমনটা খবর অসুস্থ যুগবেন্দ্র চাহাল। একই সঙ্গে ডেঙ্গি ও চিকুনগুনিয়া হয়েছে তাঁর। অসুস্থতার কথা নিজেই জানিয়েছেন চাহাল। আবার কবে ক্রিকেটে ফিরবেন তা জানাননি তিনি। তবে আপাতত বিশ্রামে থাকতে হবে ডানহাতি স্পিনারকে।
