ময়দান আপডেট: টি-২০ এর সহ-অধিনায়ক তথা ভারতীয় টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ককেই বিশ্বকাপ থেকে বসিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ শেষ হওয়ার পরের দিনেই টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করে দিল বিসিসিআই। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। আর বিশ্বকাপকে সামনে রেখে শনিবার ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। যেখানে রয়েছে একাধিক চমক। দলে জায়গা হয়নি ভারতীয় দলের অন্যতম তারকা ক্রিকেটার শুভমান গিলের। সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম তিনটি টি-২০ ম্যাচে শুভমানের রান যথাক্রমে ৪,০ ও ২৮। ফলে তিন ম্যাচে করেন মাত্র ৩২ রান। আর চোটের কারণে খেলতে পারেননি শেষ টি-২০ ম্যাচে আমেদাবাদে। আর তার জেরেই শুভমানকে বোর্ড বসানোর সিদ্ধান্ত নিল কিনা প্রশ্ন উঠছে ক্রিকেট মহলে। অথচ সাউথ আফ্রিকার বিরুদ্ধে চার টি-২০ ম্যাচে যথাক্রমে ১২, ৫, ১২, ৫ অর্থাৎ ৩৪ রান করেও বিশ্বকাপের অধিনায়কের ভূমিকাতেই দেখা যাবে সূর্যকুমার যাদবকে। তার জেরে ক্রিকেট বিশেষজ্ঞরা অনেকেই প্রশ্ন তুলছেন তাহলে শুভমানের বাদ পড়ার কারণ কি ?

পাশাপাশি বিশ্বকাপের দলে উল্লেখযোগ্য ভাবে সুযোগ করে নিয়েছেন সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের ফাইনালে ঝাড়খন্ডের হয়ে সেঞ্চুরি করে দলকে চ্যাম্পিয়ন করার নায়ক ইশান কিষান। খুব প্রত্যাশিত ছিল দলে সুযোগ হবে ইশানের। একইসঙ্গে দলে কামব্যাক করছেন নাইট রাইডার্সের অন্যতম সুপার সাইক্লোন ব্যাটার রিঙ্কু সিং। তবে হার্দিক পান্ডিয়া দলে থাকার পরেও অক্ষর প্যাটেলকে কেন সহ-অধিনায়ক করা হল তাও স্পষ্ট নয় অনেকের কাছেই।
বিশ্বকাপ হবে ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে। তাই দলে চার জন নিয়মিত স্পিনারকে রাখা হয়েছে। তা ছাড়া, একাধিক স্পিনার-অলরাউন্ডারও রয়েছেন দলে। তেমনই ব্যাটিং লাইন আপ এবং জোরে বোলিং নিয়েও পরীক্ষার পথে হাঁটেননি নির্বাচকেরা। ফলে মহম্মদ সিরাজ, মহম্মদ শামির বিশ্বকাপ খেলা হচ্ছে না। বিবেচনা করা হয়নি ঋষভ পন্থকেও। বিশ্বকাপের এই দলই নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে জানুয়ারিতে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, ঈশান কিশান এবং হর্ষিত রানা।
দ্বিতীয় ইনিংসেও ব্যাটে ভরাডুবি ইংল্যান্ডের, অ্যাসেজ জয়ের লক্ষ্যে অজি বাহিনী
