ময়দান আপডেট: আইএসএল নিয়ে জটিলতা যেন কোনও ভাবেই কাটতে চাইছে না। গত দুইদিন আগে ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে ইস্টবেঙ্গল বাদে ১৩ টি ক্লাবকে নিয়ে ভার্চুয়াল বৈঠক ডাকা হয়েছিল।যেখানে সম্মিলিত ক্লাব জোটের পক্ষ থেকে নিজেদের উদ্যোগে বছরে ১০ কোটি টাকা ফেডারেশনকে দেওয়া হবে বলে জানান হয়েছিল আইএসএল সহ ফুটবলের উন্নয়নে। ইস্টবেঙ্গল বাদে আইএসএলের সব ক্লাবই ওই প্রস্তাবে সই করে। ক্লাবগুলি জানায়, লিগ পরিচালনার পূর্ণ স্বত্ব তাঁদের হাতে থাকবে। সেখানে তারা এআইএফএফ-কে কেবল নিয়ন্ত্রক হিসাবে চায়। কিন্তু সেই প্রস্তাবে সম্মত নয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। শনিবার ছিল ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা। আর সেখানে সম্মিলিত ক্লাবজোটের প্রস্তাব পাশ হল না ফেডারেশনের বৈঠকে। ওই প্রস্তাব সংবিধান বিরোধী বলে আপত্তি ওঠায় তাতে সিলমোহর পড়ল না।

শনিবার ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় এই প্রস্তাব উঠতেই আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলে দেন, এভাবে লিগের স্বত্ত্ব ক্লাবের হাতে তুলে দেওয়া যায় না। এই প্রস্তাব সংবিধান বিরোধী। এমন কোনও প্রস্তাব আনা হোক যাতে সংবিধান মেনে লিগ আয়োজন করা যায়। ফলে শেষ পর্যন্ত দীর্ঘ আলোচনার পর ফেডারেশনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আইএসএলের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য বাংলা-গোয়া-কেরল তিন রাজ্যর সভাপতি-সচিবদের নিয়ে কমিটি গড়ন করবে ফেডারেশন। সবমিলিয়ে এখনও ঝুলেই রইল এই বছরের মতো আইএসএলের ভাগ্য। কতদিনে সমাধান সূত্র স্পষ্ট ভাবে বেরিয়ে আসে সেই অপেক্ষায় দেশের ফুটবল প্রেমীরা।
নেপালের মাটিতে ইতিহাস ইস্টবেঙ্গল মহিলা দলের, সাফ জয়ী লাল-হলুদ
