ময়দান আপডেট: ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে দীর্ঘদিন ধরে চলছে টালবাহানা। এখনও সমাধান সূত্র সম্পূর্ণ ভাবে সামনে আসেনি। যদিও কিছুটা ধোঁয়াশা কেটে আইএসএল শুরুর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে যতবার নতুন রাস্তা খুলছে, ততবারই আবার আইএসএল ঘিরে তৈরি হচ্ছে কিছু নয়া জটিলতা। কারণ কয়েক দিন আগেই সম্মিলিত ক্লাব জোটের পক্ষ থেকে নিজেদের উদ্যোগে বছরে ১০ কোটি টাকা ফেডারেশনকে দেওয়া হবে বলে জানান হয়েছিল আইএসএল করার জন্য। ক্লাবগুলি জানায়, লিগ পরিচালনার পূর্ণ স্বত্ব তাঁদের হাতে থাকবে। সেখানে তারা এআইএফএফ-কে কেবল নিয়ন্ত্রক হিসাবে চায়। কিন্তু সেই প্রস্তাবে অসম্মতি জানায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। শনিবার ছিল ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা। আর সেখানে সম্মিলিত ক্লাবজোটের প্রস্তাব পাশ হয়নি ফেডারেশনের বৈঠকে। ফলে নয়া জটিলতা তৈরি হয় আইএসএল ঘিরে। পাশাপাশি বলা হয়েছিল, বাংলা, গোয়া এবং কেরলের তিন প্রতিনিধি নিয়ে আইএসএল শুরুর কমিটি গঠন করা হবে।

কিন্তু গোয়ার সভাপতি কাইতানো জোস ফার্নান্ডেজ এবং বাংলার সচিব অনির্বাণ দত্ত ২ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা না করে সোমবার রাতেই কেরালার সভাপতি নাভাস মিরান এবং সত্যনারায়ণের সঙ্গে আলোচনা করে আইএসএল শুরু করার জন্য প্রাথমিক একটা খসড়া জমা দিয়ে দেন। কারণ এই বছর আইএসএল শুরুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডানের মতো বাংলার দলগুলি। কবে আইএসএল শুরু জানা না গেলেও নিজেদের মতো করে অনুশীলন চালিয়ে যাচ্ছে মোহনবাগান। যদিও বড়দিনের ছুটিতে ২৩ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত অনুশীলনে ছুটি দেওয়া হয়েছে মোহনবাগান ফুটবলারদের। অন্যদিকে ইস্টবেঙ্গলের সিনিয়র দলের অনুশীলন এখনও শুরু না হলেও, ইস্টবেঙ্গলের কিছু সিনিয়র দলের বাংলার ফুটবলাররা রায়গঞ্জে গিয়েছেন কুলাদাকান্ত মেমোরিয়াল শিল্ড খেলতে। আর এই টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে লাল-হলুদ বাহিনী।
বিজয় হাজারেতে নামছেন রো-কো, তবে নিজেকে প্রমাণ করতে মরিয়া শুভমান!
তবে আইএসএল শুরু করার জন্য বাংলা ও গোয়ার পক্ষ থেকে ফেডারেশনের কাছে প্রাথমিক খসড়া জমা দিয়ে বলা হয়েছে,আইএসএল জানুয়ারির তৃতীয় সপ্তাহে শুরু করা হোক। আর এইবারের ম্যাচগুলি আয়োজিত হোক বাংলা ও গোয়াতে। প্রস্তাবে বলা হয়েছে, একেকটি ভেন্যুতে যে দলগুলি থাকবে, সেই দলগুলি একসঙ্গে সেই ভেন্যুর ম্যাচ আয়োজনের খরচ বহন করবে। তবে ক্লাবগুলি তাদের স্পনসরদের জন্য একটা দীর্ঘ সমাধান চাইছে। সেই কারণেই অনির্বাণ দত্ত ফেডারেশনের কাছে প্রস্তাব দিয়েছেন, এই মরশুমের আইএসএল শুরুর পাশাপাশি যেন দীর্ঘ সমাধানের জন্য ক্লাবগুলির সঙ্গে কথা বলে একটা সমাধানের পথ খোলা হয়। আর ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ জানিয়েছিলেন, কমিটিকে লিগ শুরুর প্রস্তাব দিতে হবে ২ জানুয়ারির মধ্যে। তবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে মনে করা হচ্ছে বড়দিনের পরেই আইএসএল শুরুর দিন ও ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। পাশাপাশি সম্ভবত ২০২৬ সালের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ অথবা তৃতীয় সপ্তাহে শুরু হতে পারে আইএসএল।
