ময়দান আপডেট: ভারতীয় ঘরোয়া ক্রিকেট লিগের ১০০- তম ম্যাচ আজ খেলতে নেমেছেন বাংলার ক্রাইসিস ম্যানেজার অভিজ্ঞ ব্যাটার অনুষ্টুপ মজুমদার। বিজয়হাজারে ট্রফিতে আজ অসমের বিরুদ্ধে খেলছে বাংলা। ১০০ তম ম্যাচ অনুষ্টুপের। এদিন অসম প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। নিজের জীবনের শততম ম্যাচে রুকু করলেন ৩৯ বলে ৩১ রান। তাঁর ইনিংসে ছিল দুটি বাউন্ডারি। উল্লেখ্য অসমের বিরুদ্ধেই নিজের জীবনের প্রথম ম্যাচ খেলেছিলেন অনুষ্টুপ। আর সেই অসমের বিরুদ্ধেই শনিবার খেললেন শততম ম্যাচ।

এদিনের ম্যাচ কার্যত বাংলার জন্য ডু অর ডাই লড়াই। কারণ বিজয়হাজারে ট্রফিতে টিকে থাকতে গেলে তিনটে ম্যাচেই জিততে হতো বাংলাকে। আর এদিন দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। তিনি করেন ১১৬ বলে ১০২ রান। পাশাপাশি ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেন শাহবাজ আহমেদ। তাঁদের দুইজনের সৌজন্যে বাংলা প্রথম ব্যাট করে তোলে ৭ উইকেটে ৩০২ রান।
