ময়দান আপডেট: ঘরোয়া ক্রিকেটে বাংলার জার্সিতে অসাধারণ বোলিং উপহার দিলেও যে, ভারতীয় দলের জার্সিতে আপাতত সুযোগ হবে না মহম্মদ শামির! সেটা আগেই আন্দাজ করতে পেরেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ শামির উপর যে খুব একটা সন্তুষ্ট নন দলের হেড কোচ গৌতম গম্ভীর ! প্রত্যাশা মতো তেমনটাই দেখা গেল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ঘোষিত দলে। দলে মহম্মদ শামির জায়গা হয়নি। তবে ফিরছেন মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত অক্টোবরে শেষ ওয়ানডে খেলেছিলেন সিরাজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে তাঁকে রাখা হয়নি।

পাশাপাশি দলে সুযোগ হবে কিনা সন্দেহ থাকলেও, দলে কামব্যাক করছেন ঋষভ পন্থ। কারণ মনে করা হয়েছিল হয়তো ভারতীয় দলে দেখা যাবে পন্থের জায়গায় ধ্রুব জুরেলকে, কিন্তু অভিজ্ঞ পন্থকেই ফেরানো হয়েছে, যা অবশ্যই ভালো খবর দলের জন্য। অন্যদিকে সাউথ আফ্রিকার বিরুদ্ধে অনবদ্য সেঞ্চুরি হাঁকালেও, দলে জায়গা হয়নি ঋতুরাজ গায়কোয়াডের।

টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ না পেলেও, কিউয়িদের বিরুদ্ধে দলে ঘাড়ের চোট সারিয়ে অধিনায়ক হিসাবে ফিরছেন শুভমান গিল। চোট সারিয়ে ফিরছেন সহ-অধিনায়কের ভূমিকায় শ্রেয়স আইয়ারও।শ্রেয়সকে সহ-অধিনায়ক হিসাবে রাখা হলেও একটি শর্ত রাখা হয়েছে। তাঁর দলে থাকার বিষয়টি নির্ভর করবে ফিটনেসের উপর। বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের রিপোর্টের ভিত্তিতে তাঁকে দলে রাখা হয়েছে। যদিও চোট পাওয়ার পর শ্রেয়স এখনও কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। টি-২০ বিশ্বকাপের কথা বিবেচনা করে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহ এবং হার্দিক পাণ্ডিয়াকে।
ভারতীয় দল—
শুভমান গিল (অধিনায়ক), শ্রেয়স আইয়ার ( সহ-অধিনায়ক) , রোহিত শর্মা, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং।
