সৌরভ রায়, প্রতিনিধি
ময়দান আপডেট: সামনেই টি-২০ বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত হবে বিশ্বকাপ। অথচ ঠিক তার আগেই ভারত-বাংলাদেশ সাম্প্রতিক পরিস্থিতির জেরে বাংলাদেশের অভিজ্ঞ তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বিসিসিআই এর নির্দেশে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নাইট রাইডার্স। তার জেরে চরম ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার জেরে বিশ্বকাপ খেলতে আদৌও ভারতে দল পাঠানো হবে কিনা ভাবনা শুরু করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাছাড়া অভ্যন্তরীণ রাজনীতির চাপও রয়েছে। তাই ভারতের সিদ্ধান্তের পাল্টা হিসাবে বিশ্বকাপ নিয়ে সংশয় তৈরি করে দিল তারা। তবে এই ঘটনাকে ‘দুঃখজনক’ বলে আখ্যা দিলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আশরাফুল।

বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আশরাফুল ময়দান আপডেটকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, “ অবশ্যই এটা খুবই হতাশাজনক খবর। আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষ অপেক্ষা করছিলাম মুস্তাফিজুর আইপিএলে নাইট রাইডার্সের হয়ে খেলবে। কিন্তু আজ যখন খবরটা শুনলাম অত্যন্ত হতাশ হয়ে পড়লাম। কারণ মুস্তাফিজুর ২০১৬ থেকে আইপিএলে খেলছে এবং খুব চমৎকার পার্ফমেন্স করেছে। এই প্রথমবার একটা ভালো পারিশ্রমিক সে পাচ্ছিল না। যা আগে কোনও দিন পায়নি। তাঁকে কলকাতা, চেন্নাই ও দিল্লি তিনটে দলই চাইছিল।

আমার মনে হয় খেলার মধ্যে রাজনীতি যা ঢোকাই ভালো। আমি আশা করি দুই দেশের সরকার ও ক্রিকেট বোর্ড আলোচনা করে এই সমস্যার সমাধান করে ফেলবে। আবারও আইপিএলে দেখা যাবে মুস্তাফিজুরকে।বাংলাদেশের তরফে ক্রিকেটারদের খেলার সুযোগ করে দেওয়ার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছিল। কিন্তু মুস্তাফিজের এই ঘটনার পর বাংলাদেশের মানুষের সমর্থন ও ভালোবাসা এই টুর্নামেন্ট থেকে সরে যাবে।”
