ময়দান আপডেট: সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফির পর এবার বিজয়হাজারে ট্রফি থেকেও বাংলার দলের বিদায় কার্যত নিশ্চিত হয়ে গেল মঙ্গলবার রাজকোটের মাটিতে। গ্রুপ টেবিলে বাংলার থেকে পয়েন্টে অনেকটাই পিছিয়ে থাকা হায়দরাবাদের কাছে ১০৭ রানের বিরাট ব্যবধানে হার লক্ষ্মীর বাংলা দলের। তিলক বর্মার নেতৃত্বে এদিন হায়দরাবাদ দল ব্যাটে-বলে দুই বিভাগেই বাংলার দলকে টেক্কা দিল তা বলাই বাহুল্য। প্রথমে ব্যাট হাতে কার্যত আগুন ঝরালেন মাত্র ২১ বছর বয়সি হায়দরাবাদের ওপেনিং ব্যাটার আমন রাও। মহম্মদ শামি, আকাশ দীপ, মুকেশ কুমার, শাহবাজ আহমেদের মতো বাংলার হাইপ্রোফাইল শক্তিশালী বোলিংলাইনকে ডোন্ট কেয়ার করে ডবল সেঞ্চুরি হাঁকালেন আমন রাও পেরালা। ওপেনিং-এ ব্যাট করতে নেমে গোটা ৫০ ওভার ২২-গজে দাঁড়িয়ে থাকলেন তিনি। তাঁকে আউট করতেই পারল না বাংলার বোলাররা। ১৫৪ বলে ২০০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন এই উঠতি প্রতিভাবান তারকা। তাঁর ইনিংসে ছিল ১২ টা চার আর ১৩ টা ছয়। উল্লেখ্য এই বছর আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে দেখা যাবে এই ইয়ং স্টারকে। এর পাশাপাশি ৬৫ রান করেন রাহুল সিং। ৫ উইকেটে প্রথম ব্যাট করে ৩৫২ রান তোলে হায়দরাবাদ। বাংলার হয়ে ৩ উইকেট নেন মহম্মদ শামি।

আর জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ সিরাজের বিধ্বংসী বোলিংয়ের সামনে একের পর এক আউট হয়ে ফিরে যান উইকেটকিপারের ভূমিকায় ডেভিউ করা সুমিত নাগ,অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামি, করণলালরা। ৪ উইকেট হারিয়ে ব্যাটফুটে চলে যাওয়া বাংলার দলকে কিছুটা লড়াইয়ে ফেরান অনুষ্টুপ মজুমদার ও শাহবাজ আহমেদ। তবে ৫৯ রানে অনুষ্টুপ ফিরে যাওয়ায় তাঁদের ৯৭ রানের পার্টনারশিপ ভেঙে যায়। এরপর সুমস্ত গুপ্ত, আকাশদীপ, মহম্মদ শামিরাও দ্রুত আউট হয়ে যান। শাহবাজ নিজের সেঞ্চুরি হাঁকিয়ে একাই লড়াই চালিয়ে গেলেও, পার্টনারশিপ গড়ে না ওঠায় ম্যাচ জেতা সম্ভব হয়নি। তিনি অপরাজিত থাকেন ১০৮ রানে। ২৪৫ রানে অলআউট হয়ে যায় বাংলা। ৪ উইকেট নেন মহম্মদ সিরাজ, ২ উইকেট নেন নীতীশ কুমার রেড্ডি।

আর এই জয়ের ফলে হায়দরাবাদের বিশেষ কোনও লাভ না হলেও, নকআউটের অঙ্ক খুবই জটিল হয়ে গেল বাংলার জন্য। কারণ গ্রুপ বি-তে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে নকআউট নিশ্চিত উত্তর প্রদেশের। এদিন বিদর্ভ উত্তর প্রদেশের কাছে হারলেও ১৬ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বাংলা। আর এদিন জম্মু-কাশ্মীরকে হারিয়ে ১৬ পয়েন্ট নিয়েই চতুর্থ স্থানে বরোদা। ৮ তারিখ বৃহস্পতিবার বাংলার শেষ ম্যাচ সর্বপেক্ষা কঠিন প্রতিপক্ষ রিঙ্কু সিং, ধ্রুব জুরেল, প্রিয়ম গর্গ, প্রশান্ত বীরদের উত্তর প্রদেশের বিরুদ্ধে। অন্যদিকে ওই দিন সহজ প্রতিপক্ষ অসমের বিরুদ্ধে খেলতে নামবে বিদর্ভ। ফলে বাংলাকে শেষ ম্যাচে বিশাল ব্যবধানে জয়ের পাশাপাশি হারতে হবে বিদর্ভ ও বরোদাকে, তবেই পরবর্তী রাউন্ডের দরজা খুলতে পারে বাংলার জন্য।
রুটকে টেক্কা দিয়ে ১৬৩ ট্রাভিস হেডের,সেঞ্চুরি স্মিথের! বড় রানের পথে অস্ট্রেলিয়া
