সৌম্য দাশ, প্রতিনিধি
ময়দান আপডেট: শ্রাচী ও বঙ্গ ফুটবল সংস্থা আইএফএর উদ্যোগী আয়োজিত বেঙ্গল সুপার লিগে বেটিং বিতর্ক ঘিরে উত্তাল ময়দান। অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম বাংলার ফুটবল মহল। এযেন গৃহযুদ্ধের রূপ নিয়েছে বঙ্গ ফুটবল সংস্থার(IFA) অন্দরে। লিগ আয়োজন করছে রাহুল টোডির শ্রাচী গ্রুপ। সঙ্গে যৌথ ভাবে সহযোগিতা করছে আইএফএ। অথচ সেই লিগে নাকি সক্রিয় বেটিং চক্র। কলকাতা লিগের পর বিএসএলেও একাধিক ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ সামনে আসছে। আর সেই অভিযোগ করছেন স্বয়ং আইএফএর সহ-সভাপতি তথা সার্দান সমিতি ক্লাবের কর্ণধার সৌরভ পাল। এর আগে সোমবার বঙ্গ ফুটবল সংস্থার তরফে একটি প্রেস বিবৃতি দিয়ে জানান হয়েছিল, সম্প্রতি সামাজিক ও সংবাদ মাধ্যমে বেঙ্গল সুপার লিগ সর্ম্পকে আইএফএর এক পদাধিকারীর ম্যাচ ফিক্সিং সংক্রান্ত কিছু অভিযোগের প্রেক্ষিতে সোমবার শ্রাচী স্পোর্টসের শীর্ষকর্তারা আইএফএ সভাপতি ও সচিবের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। তাঁরা আইএফএ কর্তাদের অনুরোধ করেন বেঙ্গল সুপার লিগে ম্যাচ ফিক্সিং ও বেটিং এর যে অভিযোগ তোলা হয়েছে তা তাঁদের প্রতিষ্ঠান ও আইএফএর ভাবমূর্তির পক্ষে হানিকর। তাঁরা আইএফএ কে এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশি তদন্তের অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে আইএফএর এক সিনিয়র পদাধিকারীর এহেন কুরুচিকর পোস্টের বিষয়েও হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন।

আর এরপর ময়দান আপডেটকে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, “কোনও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ যদি থেকেও থাকে তাহলে সেটা কেন অফিসিয়ালি শ্রাচী ও আইএফএ-কে না জানিয়ে সংবাদ মাধ্যমে বলা হল? কারণ এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে শ্রাচী ও আইএফএ। ফলে অফিসিয়ালি না জানিয়ে সংবাদ মাধ্যমে জানান মানে শ্রাচী ও আইএফএ কে অপমান করা। আর আইএফএ সচিবের এই বক্তব্যের ২৪ ঘণ্টা যেতে না যেতেই মঙ্গলবার তড়িঘরি কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন ডাকলেন ময়দান সাথী নামে একটি সংস্থার হয়ে আইএফএ সহ-সভাপতি সৌরভ পাল। সেখানে তিনি বেঙ্গল সুপার লিগে বেটিং এর প্রমাণ স্বরূপ নথি নিয়ে হাজির হন। তিনি স্পষ্ট ভাষায় বঙ্গ ফুটবল সংস্থাকে জবাব দিয়ে বলেন, ব্যবস্থা,পদত্যাগ,সরানো হবে বলে সৌরভ পালকে ভয় দেখানো যাবে না ! পাশাপাশি তিনি বলেন শ্রাচীর এক সদস্য তমাল ঘোষাল যখন আইএফএর সহ-সভাপতি সৌরভ পালকে অপমান করলেন তখন নিরব থাকলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। উল্টে সেই শ্রাচীর সদস্যদের সঙ্গে বৈঠক করলেন। আর তিনি যখন তমাল ঘোষালের নামে বলছেন, তখন আইএফএ ক্ষোভ প্রকাশ করছে। সুতরাং এটা দ্বি-চারিতা।

বেটিংয়ের সঙ্গে যারা যুক্ত তাদের বাঁচানোর চেষ্টা করছে আইএফএ। অভিযোগ সৌরভ পালের। উল্লেখ্য এদিন ময়দানে ফিক্সিং রুখতে ময়দান সাথীর পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বেশ কিছু প্রাক্তন ফুটবলার সহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিন কলকাতা লিগ থেকে বেঙ্গল সুপার লিগের বেশ কিছু ম্যাচে ফিক্সিংয়ের তথ্য প্রকাশ করেন সৌরভ পালের নেতৃত্বে উপস্থিত বক্তারা। তবে উল্লেখ্য এই বছর লিগে বড় দল হয়েও কি ভাবে ১২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে সার্দান সমিতির মতো দল ফাস্ট ডিভিশনে নেমে গেল সেই নিয়েও সন্দেহ থেকেই যাচ্ছে! তবে একটা প্রশ্ন থেকেই গেল বঙ্গ ফুটবল সংস্থার অন্দরে অভিযোগ-পাল্টা অভিযোগে ময়দানে সমালোচনার ঝড় উঠলেও, প্রকৃত অপরাধী কে আর কারা তার সঠিক বিচার কি আদৌও হবে ?
