ময়দান আপডেট: বরোদায় প্রথম ওয়ানডে ম্যাচে ৩০১ রানের বিরাট টার্গেটের সামনেও কোহলি-শুভমানের দুর্দান্ত লড়াইয়ে ভর করে নিউজিল্যান্ডকে হারিয়ে ২০২৬ সালের পথচলা শুরু করেছে টিম ইন্ডিয়া। আর এবার লক্ষ্য বছরের প্রথম সিরিজ চ্যাম্পিয়ন হওয়া। কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিততে হলে, পরের দুটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জিতলেই সিরিজ চ্যাম্পিয়ন হয়ে যাবে ভারত। তবে টিম ইন্ডিয়ার লক্ষ্য অবশ্যই তিন ম্যাচেই জিতে সিরিজ হোয়াইটওয়াশ করা। তবে সেই স্বপ্ন পূরণ করতে হলে বুধবার রাজকোটে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিততে হবে ভারতকে। তবে প্রথম ম্যাচে বিরাট কোহলির ৯৩ রানের অনবদ্য ব্যাটিং দেখে উচ্ছ্বসিত গোটা দল। পাশাপাশি শুভমানের রানে ফেরায় দলের আত্মবিশ্বাস বেড়েছে অনেকখানি। অন্যদিকে দীর্ঘদিন পর মাঠে ফিরেও ৪৭ বলে ৪৯ রানের ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার, যা দলকে জিততে বড় ভূমিকা নিয়েছে। ব্যাট হাতে সাফল্য দেখিয়েছেন হর্ষিত রানাও। ফলে রাজকোটে কিউয়িদের বিরুদ্ধে অবশ্যই ফেরারিট ধরা যেতে পারে টিম ইন্ডিয়াকে।

তবে রাজকোটে খেলতে নামার আগে ভারতীয় দলে চিন্তার অন্যতম কারণ ওয়াশিংটন সুন্দরের চোট। সেই কারণে বরোদায় হর্ষিত রানার পর ব্যাটে নামতে দেখা যায় ওয়াশিংটনকে। ভালো ভাবে দৌড়াতে পারছিলেন না তিনি। কিন্তু টি-২০ বিশ্বকাপের আগে ওয়াশিংটনের চোট নিয়ে চিন্তা বাড়ল ভারতীয় শিবিরে। অন্যদিকে রাজকোটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ওয়াশিংটনের বিকল্প হিসাবে দলে ডাক পেয়েছেন দিল্লির ২৬ বছরের ব্যাটিং অলরাউন্ডার আয়ুষ বাদোনি (Ayush Badoni) । প্রথমবার ভারতীয় দলে ডাক পেলেন আয়ুষ বাদোনি। তবে অক্ষর প্যাটেলের মতো অভিজ্ঞ স্পিনারকে দলে না ডেকে, ঘরোয়া ক্রিকেটের এই তরুণ বোলারকে কেন দলে নেওয়া হল? সেই প্রশ্ন নিয়ে জোর চর্চা চলছে ভারতীয় ক্রিকেট মহলের অন্দরমহলে। সমালোচনায় সরব হয়েছেন নেটিজেনরা। অনেকেই বলেছেন, ঘরোয়া ক্রিকেটে হতশ্রী পারফরম্যান্সের পরেও, গম্ভীর ঘনিষ্ঠ বলে দলে সুযোগ দেওয়া হয়েছে দিল্লির এই স্পিনারকে।

উল্লেখ্য চলতি বিজয়হাজারে ট্রফিতে একেবার দাগ কাটতে পারেননি দিল্লির এই ব্যাটার। তিন ইনিংসে তাঁর সংগ্রহ মাত্র ১৬ রান। যদিও রঞ্জি ট্রফিতে তিনটি হাফসেঞ্চুরি করেছেন। রান পেয়েছেন দলীপ ট্রফিতেও। কিন্তু সাম্প্রতিক ফর্ম ঘিরেই বাদোনিকে কাঠগড়ায় তুলেছেন নেটিজেনরা। তবে আইপিএলে কিছুটা সাফল্য রয়েছে তাঁর। ২০২২ সাল থেকে খেলছেন সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টসের হয়ে। আইপিএলের ৫৬টি ম্যাচে করেছেন ৯৬৩ রান। ৬টি অর্ধশতরান রয়েছে তাঁর। বল হাতে ৪ উইকেট রয়েছে তাঁর।
