Sunday, March 1, 2026
HomeSPORTS NEWSSIR এর নামে তলব করে হেনস্তা ময়দানের তারকাদের! প্রতিবাদে সরব ক্রীড়াজগত

SIR এর নামে তলব করে হেনস্তা ময়দানের তারকাদের! প্রতিবাদে সরব ক্রীড়াজগত

এটা খুব অন্যায় কাজ হচ্ছে। এইসবের নাম করে অনেক বৈধ ভোটারদের নাম বাতিল করার চেষ্টা করা হচ্ছে। এটা দেশের স্বার্থ দেখা হচ্ছে না, র্নিদিষ্ট একটা গোষ্ঠীর স্বার্থ দেখা হচ্ছে।

ময়দান আপডেট: রাজ্য জুড়ে এখন আতঙ্কের আর এক নাম SIR। এসআইআরের নাম করে রাজ্যের বহু মানুষকে হেনস্তা করা হচ্ছে। আর সেই তালিকায় বাদ পড়ছে না বাংলা তথা দেশের ক্রীড়া জগতের নাম যারা উজ্জ্বল করেছেন, সেই সমস্ত খ্যাতনামা তারকারাও। এসআইআরের নাম করে তাদের শুনানির জন্য ডেকে পাঠানো হচ্ছে। এমনকি হেনস্থার শিকারও হচ্ছেন বহু ময়দানের ক্রীড়াবিদরা। ভারতীয় দলের তারকা ফাস্ট বোলার তথা বাংলার দলের বোলার মহম্মদ শামির মতো কিংবদন্তিকেও SIR শুনানিতে ডেকে পাঠিয়েছে নির্বাচন কমিশন। এমনকি এই এসআইআর শুনানিতে (SIR Hearing) তলব করা হয়েছে বাংলার ক্রিকেট দলের হেডকোচ  লক্ষ্মীরতন শুক্লাকেও। ২০০২ সালের ভোটার তালিকায় লক্ষ্মীর নাম ছিল না বলেই আপাতত জানা গিয়েছে। শোনা যাচ্ছে ভোটার তালিকায় নেই প্রাক্তন বঙ্গ অধিনায়কের বাবার নামও। উল্লেখ্য, ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন লক্ষ্মী। এমনকি বাংলার দলের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারের তকমাও তাঁকে দেওয়া যেতে পারে। বর্তমানে বাংলার সিনিয়র দলের কোচের দায়িত্ব পালন করছেন লক্ষ্ণী। এমনকি পশ্চিমবঙ্গের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রীও ছিলেন তিনি। অথচ SIR এর নাম করে শামি থেকে লক্ষ্মীর মতো তারকাদের নির্বাচন কমিশনের ডেকে পাঠানোর সিদ্ধান্তে বিস্মিত ক্রিকেট মহল।

SIR শুনানির জন্য তলব করা হয়েছে মোহনবাগান ক্লাবের প্রবাদপ্রতীম কিংবদন্তি প্রাক্তন সভাপতি স্বপন সাধন বসুকেও (টুটু বসু)। টুটু বসু সহ মোহনবাগান ক্লাবের বর্তমান সচিব তথা প্রাক্তন সাংসদ সৃঞ্জয় বসুর পরিবারকেও তলব করা হয়েছে। বয়সের ভারে অসুস্থ টুটু বাবু, ফলে তার পক্ষে হুয়াইল চেয়ারে বসে শুনানিতে যাওয়া সম্ভব নয়। তবে অবশ্যই যাবেন সৃঞ্জয় বসু। কিন্তু টুটু বসুর মতো জনপ্রিয় ব্যক্তিকে ডেকে পাঠানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ ময়দানের একাংশ। অনেক মোহনবাগান সমর্থকরাই বলছেন টুটু বাবুকে ডাকা মানে গোটা মোহনবাগান সমর্থকদের অপমান করা। যা কোনও ভাবেই কাম্য নয়। আর এখানেই শেষ নয় আবার প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন, কম্পটন দত্ত, অলোক মুখোপাধ্যায়দেরও ডাক এসেছে। যাঁরা দেশকে প্রতিনিধিত্ব করেছেন বা এখনও প্রতিনিধিত্ব করেছেন, তাঁদেরও কি নিজেদের বৈধ ভোটার বলে প্রমাণ করতে হবে? এসআইআরের নামে এই ‘হেনস্তা’র প্রতিবাদে সরব ক্রীড়াবিদরা। স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিনে ভবানীপুর ক্লাবের সামনে এই হেনস্তার ঘটনার প্রতিবাদে পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছিলেন বহু তারকা খেলোয়াড়রা। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা! আগামী দিনে নির্বাচন কমিশনকেও দ্রুত চিঠি দেওয়া হবে প্রাক্তন খেলোয়াড়দের পক্ষ থেকে। 

আর SIR এর নামে ময়দানের তারকাদের হেনস্তার ঘটনার তীব্র নিন্দা করেছেন মোহনবাগান ক্লাবের বর্তমান সভাপতি দেবাশীষ দত্তও। তিনি বলেন, “এটা ঠিক নয়। যদি কোনও তথ্যে গড়মিল থাকেও, টুটু বাবুর বাড়িতে লোক পাঠিয়ে দেখা উচিত। কিন্তু যদি হেনস্তা করা হয় তা অন্যায়। সর্বস্তরে প্রতিবাদ হওয়া উচিত। “

এই বিষয়ে প্রাক্তন ফুটবলার মেহেতাব হুসেন বলেন, “এটা অত্যন্ত জঘন্য ঘটনা। যারা ১৮ বছর বয়স থেকে ভোট দিচ্ছে তাঁদের লাইনে দাঁড়িয়ে কাগজপত্র পরীক্ষা করা, দেশের নাগরিক বলে প্রমাণ দিতে হবে এটা নক্কারজনক ঘটনা। এটা মানুষকে ভোগান্তির মুখে ফেলা হচ্ছে। আগামী দিনে এর বিরুদ্ধে অবশ্যই বড়সড় পদক্ষেপ গ্রহণ করবে ক্রীড়া জগত। “এই ঘটনার তীব্র নিন্দা করেছেন মহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল সচিব তথা প্রাক্তন তারকা ফুটবলার দীপেন্দু বিশ্বাসও। 

এইবিষয়ে আমরা কথা বলেছিলাম মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি তথা প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্যের সঙ্গেও। তিনি বলেন, “এর বিরুদ্ধে আমরা পথে নেমেছি। যারা দেশ তথা রাজ্যের হয়ে খেলেছে তাঁদের এই ভাবে ডেকে পাঠানো ঠিক নয়। দরকার হলে তাঁদের বাড়িতে গিয়ে কথা বলুক। এটা খুব অন্যায় কাজ হচ্ছে। এইসবের নাম করে অনেক বৈধ ভোটারদের নাম বাতিল করার চেষ্টা করা হচ্ছে। এটা দেশের স্বার্থ দেখা হচ্ছে না, র্নিদিষ্ট একটা গোষ্ঠীর স্বার্থ দেখা হচ্ছে। টুটু বাবুর মতো মানুষকে ডাকা হচ্ছে, যা ভাবা যায় না। দরকার হলে টুটু বাবুর বাড়িতে গিয়ে কথা বলুক। ওরা সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের কথা শোনে না, আর আমাদের কথা কি শুনবে! এইসব করে বেশিদিন চলতে পারবে না। ” সবমিলিয়ে রাজ্যে নির্বাচনের আগে SIR এর নাম করে, প্রতিদিন দেশ তথা বাংলার ক্রীড়া জগতের জনপ্রিয় মানুষদের তলব করে ভোগান্তিতে ফেলার চক্রান্ত অব্যাহত রয়েছে। যা মোটেও ভালো ভাবে দেখছে না বাংলার মানুষ। 

২১ জানুয়ারি সন্তোষ ট্রফির অভিযান শুরু বাংলার, ঘোষিত ২২ সদস্যের দল

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular