ময়দান আপডেট: বিশ্বকাপে বাংলাদেশ খেলতে চায় কিনা তা জানানোর ডেডলাইন ২১ জানুয়ারি পর্যন্ত ধার্য করেছিল আইসিসি। তবে প্রথমে আইসিসির ডেডলাইন দেওয়ার কথা অস্বীকার করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, পরে সেই কথা স্বীকার করলেও পাল্টা হুমকি বাংলাদেশের। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল মেনে নিলেন, বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করছে আইসিসি। যদিও তাঁর বক্তব্য, আইসিসি অযৌক্তিক চাপ দিয়ে ভারতে খেলতে বাধ্য করতে চাইছে তাঁদের। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তা বলছেন, ‘পাকিস্তান ভারতে খেলতে যাবে না বলেছে। আইসিসি ওদের কেন্দ্র বদলে দিয়েছে। আমরা অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে কেন্দ্র বদলের কথা বলেছি। অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের বাধ্য করা যাবে না।’ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ না খেলার অবস্থানে অনড় তিনি। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, তাঁদের চাপ দিয়ে কোনও লাভ হবে না।

অন্যদিকে বাংলাদেশের ইস্য়ু নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে টানাপোড়েন চলছে। তাই আর কোনও অবস্থাতেই বাংলাদেশকে নিয়ে সময় নষ্ট করতে চাইছে না আইসিসি। কারণ হাতে আর বেশি সময় নেই, ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। তাই বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপের সূচি প্রস্তুত করতে চলেছে আইসিসি। বিকল্প হিসাবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে আমন্ত্রণ জানাতে চলেছে সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। কিন্তু এখন প্রশ্ন হল স্কটল্যান্ডকে আদৌও কি জানানো হয়েছে আইসিসির তরফে? সূত্রের খবর,সে দেশের সঙ্গে এখনও কথাই বলেনি আইসিসি। ফলে বিশ্বকাপ নিয়ে ধোঁয়াশা আরও বাড়ছে।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের লড়াইয়ে বিশ্বকাপে খেলার সুযোগ হয়নি স্কটল্যান্ডের। টি-২০ র্যাঙ্কিংয়ের উপরের দিকে থাকলেও, স্কটল্যান্ড বিশ্বকাপ খেলতে পারছে না। ইউরোপের যোগ্যতা অর্জন পর্বে তারা শেষ করেছে চতুর্থ স্থানে। বিশ্বকাপে খেলছে নেদারল্যান্ডস এবং ইটালি। তবে যদি শেষ পর্যন্ত আইসিসি তাদের প্রস্তাব দেয় তাহলে বিশ্বকাপে খেলার বিষয়ে আগ্রহ দেখাবে স্কটল্যান্ড তা স্পষ্ট।
বিশ্বকাপের আগে শেষ টি-২০ সিরিজে কিউয়িদের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার
