ময়দান আপডেট: একটা সময় ছিল ভারত-পাকিস্তান ম্যাচ মানে সীমান্তের দুইপারে ক্রিকেট প্রেমীদের মধ্যে টানটান উত্তেজনা, থ্রিলারে ভরা লড়াই। বিশ্বের সর্বাধিক হাইভোল্টেজ ম্যাচ বলেই স্বীকৃতি লাভ করত ভারত-পাক দ্বৈরত। তবে বর্তমানে ক্রিকেটের পরিসংখ্যান ও শক্তির বিচারে ছবিটা অনেকটাই বদলে গেছে। ভারত-পাকিস্তান লড়াই মানে বর্তমানে ওয়ান সাইড ম্যাচ! এটাই জেনে গিয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। পাকিস্তানকে আর সেভাবে গুরুত্ব দিতে নারাজ ভারতীয় ক্রিকেটাররা। কারণ একের পর এক ম্যাচে ভারতের কাছে হারতে-হারতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে পাকিস্তানের। পাকিস্তান ক্রিকেটেও আর সেই সাফল্য বা গরিমা কোনওটাই নেই। একটা সময় ছিল ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনুস, সাকলিন মুস্তাক থেকে শোয়েব আখতার, সৈয়দ আনোয়ার, শাহিদ আফ্রিদি, ইনজামুল হকের মতো বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটাররা পাকিস্তান ক্রিকেটকে বিশ্বে রাজ করতে বড় ভূমিকা নিতেন। তবে বর্তমানে আর সেই রকম বড় নামি ক্রিকেটারের বড়ই অভাব পাক ক্রিকেট দলে। ২০০৯ সালে দ্বিতীয় টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। তারপর থেকে টি-২০ বিশ্বকাপ হোক বা লাল বলে টেস্ট ক্রিকেট হোক সেভাবে দাপট নেই পাক বাহিনীর।

২০২৫ সালে আয়োজিত এশিয়া কাপে একই টুর্নামেন্টে তিনবার ভারতের কাছে হারে পাকিস্তান। ফলে ভারত-পাক ডুয়েলকে আর পাঁচটা সাধারণ ম্যাচের নজরেই দেখেন ক্রিকেট প্রেমীরা। যদিও উল্লেখ্য ২০২৫ সালে ছোটদের এশিয়া কাপের ফাইনালে বড় ব্যবধানে পাকিস্তানের কাছে হারতে হয়েছে ভারতকে।
দশম টি-২০ বিশ্বকাপে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়নের দাবিদার ভারত, তবে সমস্যায় অস্ট্রেলিয়া
তবে ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে আবারও সম্মুখসমরে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। ২০২৬ সালে প্রথম সাক্ষাত হবে দুই প্রতিবেশী দেশের। আগামী ১৫ ফেব্রুয়ারি বিশ্বকাপে গ্রুপ পর্বে মুখোমুখি হবে ভারত-পাক। দেশের মাটিতে বিশ্বকাপ হলেও এই ম্যাচটি সূর্যকুমাররা খেলতে যাবেন শ্রীলঙ্কায়। তবে এই ম্যাচেও ভারতকেই অনেকটাই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আর উল্লেখ্য ওইদিনই অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি একই দিনে দুটি ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। একদিকে টি-২০ বিশ্বকাপে সূর্যকুমাররা খেলবে পাকিস্তানের সঙ্গে। অন্যদিকে ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মহিলাদের এশিয়া কাপ রাইজিং স্টারস। অর্থাৎ মহিলাদের ক্রিকেটের তরুণ প্রতিভারা নামবে এই টুর্নামেন্টে। ‘এ’ গ্রুপে ভারত ছাড়াও আছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী ও নেপাল। থাইল্যান্ডে এই টুর্নামেন্ট হবে। ভারতের প্রথম ম্যাচ ১৩ ফেব্রুয়ারি আমিরশাহীর বিরুদ্ধে। এরপর ভারত-পাক মহারণ। ১৫ ফেব্রুয়ারি দুই দল মুখোমুখি হবে। এই প্রথমবার একই দিন জোড়া ভারত-পাকিস্তান ম্যাচ।
