ময়দান আপডেট: আইএসএল সামনে আসতেই ফের ইমামি বনাম ইস্টবেঙ্গল ক্লাবের মতবিরোধ প্রকাশ্যে। অতীতে বিভিন্ন সময়ে ইস্টবেঙ্গলের দল গঠন কিংবা বিদেশী ফুটবলার ছেড়ে দেওয়ার ঘটনা নিয়ে ইমামির সঙ্গে মত পার্থক্য দেখা গিয়েছে লাল-হলুদ ক্লাবের কর্মকর্তাদের। যেমন দিয়ামান্তাকোসকে ছেড়ে দেওয়ার ঘটনাই ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেছিলেন, “সংবাদ মাধ্যমের খবর থেকে জানতে পারলাম দিমিকে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের জানা ছিল না।” আর এবার আসন্ন আইএসএলে ইস্টবেঙ্গলের হোম ভেন্যু নির্বাচন নিয়েও, দ্বন্দ্ব প্রকাশ্যে ইস্টবেঙ্গল বনাম ইমামির মধ্যে। কারণ ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছিল প্রত্যেক দলকে দ্রুত জানাতে হবে নিজেদের হোম ভেন্যু। সেই মতো প্রথমে মোহনবাগান ও ইস্টবেঙ্গল দুই দলই জানিয়েছিল তারা হোম ভেন্যু যুবভারতীকে করতে চায়। তখন ঠিক ছিল মহামেডান নিজেদের হোম ম্যাচ খেলবে কিশোরভারতীতে। কিন্তু পরে মহামেডান নিজেদের হোম ভেন্যু বদল করে জানায় তারা জামশেদপুরে খেলবে। এমনকি সম্ভবনা রয়েছে বারাসত স্টেডিয়ামেও মহামেডান হোম ম্যাচ খেলতে পারে। ফলে মহামেডান কিশোরভারতী থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায়, ইমামির পক্ষ থেকে ভাবনা-চিন্তা করা হচ্ছে আইএসএলে কিশোরভারতীকে ইস্টবেঙ্গলের হোম হিসাবে ব্যবহার করার।

আর সেখানেই নয়া বিপত্তি। ইমামির ভাবনা-চিন্তার কথা জানতে পেরে বেজায় অখুশি ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, সারা বছর সমর্থকরা আইএসএলের জন্য অপেক্ষা করেন। যুবভারতীতে খেলা যদি নাই হয়, মাত্র ৬ হাজার দর্শকের কিশোরভারতীতে খেলে লাভ কি ! দর্শকদের জন্য খেলার আয়োজন। তারাই যদি দেখতে না পান তাহলে ক্লাবের অফিসিয়াল বা সদস্যরাই বা কেন ম্যাচ দেখতে যাবে? সদস্যদের পর্যাপ্ত টিকিট দিতে পারবে না ক্লাব। এ ছাড়া অন্যান্য স্পনসরারদেরও টিকিট দেওয়া অসম্ভব হবে সেক্ষেত্রে।

নিতু সরকার স্পষ্ট জানান, কিশোরভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল খেললে ম্যাচ দেখতে যাবেন না তিনি। এমনকি ক্লাবের অফিসিয়াল ও কর্মকর্তারাও ম্যাচ বয়কট করবে। ফলে ইমামির সঙ্গে কি দূরত্ব বাড়ার ইঙ্গিত ইস্টবেঙ্গলের ? উঠছে প্রশ্ন। পাশাপাশি ময়দানে কান পাতলে শোনা যাচ্ছে খুব দ্রুত নিজেদের নতুন ইনভেস্টার যোগার করতে মরিয়া ইস্টবেঙ্গল। কারণ ইমামির সঙ্গে বিভিন্ন সময়ে প্রায় মত বিরোধ থেকে সম্পর্কের তিক্ততা তৈরি হচ্ছে। যা ভবিষ্যতে ক্লাবের ফুটবলের উপরেই প্রভাব ফেলতে পারে। তবে এখন দেখার শেষ পর্যন্ত ক্লাবের শর্ত মেনে যুবভারতীতেই নিজেদের হোম ম্যাচ খেলায় সম্মতি জানায় কিনা ইমামি কর্তারা ?
সমর্থকদের প্রত্যাশার চাপ উপভোগ করেন লোবেরা! আক্রমণাত্বক ফুটবলই এবার মোহনবাগানের রণনীতি
