সোনালী চ্যাটার্জী, সৌরভ রায়- প্রতিনিধি
ময়দান আপডেট: ডার্বির জয়ের পরেও স্বস্তি নেই লাল-হলুদ সমর্থকদের। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জোনাল পর্যায়ের শেষ খেলায় মঙ্গলবার বারাকপুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পয়েন্ট টেবিলের এক নম্বর দল ইস্টবেঙ্গল এবং দুই নম্বর দল ডায়মন্ড হারবার এফসি। আর ফাস্ট বয় বনাম সেকেন্ড বয়ের লড়াইয়ের পর সমীকরণটা বদলে গেল। সেকেন্ড দল ডায়মন্ড হারবার এফসি উঠে এল একেবারে পয়েন্ট টেবিলে শীর্ষে। আর প্রথম স্থানে থাকা ইস্টবেঙ্গল নেমে গেল দ্বিতীয় স্থানে। তার কারণ এদিন লাল-হলুদ বাহিনীর বিজয়রথ থামিয়ে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল ডায়মন্ড হারবার। গোটা ম্যাচ জুড়ে এদিন ইস্টবেঙ্গলের উপর আধিপত্য বিস্তার করে ডায়মন্ড হারবারের ফুটবলাররা। ঘন-ঘন ইস্টবেঙ্গলের দূর্গে হানা দেয় তারা। সেখানে অনেকটাই ফিকে দেখাল লাল-হলুদ জার্সিধারী ফুটবলারদের। সেভাবে গোটা ম্যাচে আক্রমণে যেতেই পারে নি ইস্টবেঙ্গল। এদিন ডায়মন্ড হারবার একাধিক সহজ গোলের সুযোগ নষ্ট করে এদিন। তবে শেষ পর্যন্ত ১-০ গোলে জিতে সেলিব্রেশন করে মাঠ ছাড়লেন তারা।

এদিন খেলার শুরু থেকেই চাপ বাড়াচ্ছিল ডায়মন্ড হারবার। একেবারে ৩ মিনিটের মাথায় ভালো একটি সুযোগ তৈরি করে ডায়মন্ডের কাজি তালাল, কিন্তু লক্ষ্যে রাখতে ব্যর্থ হন। এরপরে ৯ মিনিটের মাথায় একটি ফ্রি কিক পায় ডায়মন্ড হারবার সেখান থেকে সুপ্রীতম দাস বলটি ভালো জায়গায় রাখলে হেড করেন রোহিত দাস তবে বার পোস্টে বলটি লেগে ফিরে আসে! অপরদিকে ১৮ মিনিটের মাথায় রোমিন গোলদার গোল করার একটি সুযোগ পেলে তা রুখে দেন ডায়মন্ড হারবারের গোলরক্ষক। এরপরেই ডায়মন্ডের ৩৩ মিনিটে ডায়মন্ড হারবারের রোহিত সিং গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের শেষের দিকে সাহিল হরিজন একটি ভালো আক্রমণ করলেও তা থেকে গোল তুলে নিতে তিনি সক্ষম হননি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আর চেনা যায় না ইস্টবেঙ্গলকে। কার্যত ধিরে ধিরে ডায়মন্ড হারবারের আক্রমণের চাপে হিমসিম খেতে হয় ইস্টবেঙ্গলের রক্ষন বিভাগকে। যে ইস্টবেঙ্গল বিগত ম্যাচগুলিতে দেখিয়েছে তারা ১ গোল খেলে ২ গোল পরিশোধ করতে ঝাঁপিয়ে পড়ে, সেই ইস্টবেঙ্গল আক্রমণ এদিন প্রায় থেমেই গিয়েছিল। ডায়মন্ড হারবার একাধিক সুযোগ নষ্ট না করলে এদিন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডায়মন্ড হারবারের গোলের সংখ্যাটা অনেকটাই বেড়ে যেতে পারতো।

তবে শেষ পর্যন্ত ডার্বি জয়ের আত্নবিশ্বাস সঙ্গে রেখেও ডায়মন্ডের থেকে জয় ছিনিয়ে নিতে পারল না লাল-হলুদ শিবিরের ছেলেরা! অপরদিকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ জিতে উচ্ছাসে ভাসলেন অভিষেক দাসের ছেলেরা। সাহিল হরিজন যিনি এই মরশুমে ডায়মন্ড হারবারের হয়ে সর্বোচ্চ গোলদাতা,তিনি এদিনের ম্যাচে গোল পাননি,তবে তিনি জানান পরবর্তী ম্যাচে তাঁর একটাই লক্ষ্য তাঁর নামের পাশেও যাতে একটি গোল যোগ হয়।
RFDL-এর ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে এগিয়ে থেকেও জয় অধরা মোহনবাগানের
