Monday, March 2, 2026
Homeক্রিকেটরবিবার ভারত-পাক মহারণ, কলম্বোর টার্নিং উইকেটে ৫ স্পিনারে ভারতকে চাপে রাখার কৌশল...

রবিবার ভারত-পাক মহারণ, কলম্বোর টার্নিং উইকেটে ৫ স্পিনারে ভারতকে চাপে রাখার কৌশল পাকিস্তানের

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের সময়ে বৃষ্টির সম্ভবনা ৫০-৬৫ শতাংশ। আকাশ পুরোপুরি মেঘলা থাকবে। টার্নিং উইকেট তার মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে কলম্বোর উইকেটে কতটা ভারতীয় বোলাররা সুবিধা করতে পারবেন তাই নিয়েও চলছে জোর চর্চা।   

ময়দান আপডেট: রবিবার বিশ্ব ক্রিকেটে সুপার সানডে। আবারও সম্মুখসমরে এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত বনাম পাকিস্তান। তবে ৯০ এর দশক কিংবা ২০০০ থেকে ২০১০ ভারত-পাক মেগাডুয়েল মানে বিশ্ব ক্রিকেটের সর্বাপেক্ষা জনপ্রিয় ম্যাচ বা ডার্বি বলে সম্বোধন করা হতো। তবে বর্তমানে ক্রিকেটে শক্তির বিচারে অনেকটাই পিছিয়ে পড়েছে পাক বাহিনী। আর অন্যদিকে ভারতীয় ক্রিকেটে আজও প্রতিপক্ষ দলদের কাছে ওয়ানডে হোক কিংবা টি-২০ সব ফর্ম্যাটেই ত্রাস টিম ইন্ডিয়া। পাশাপাশি ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েও এখন আর সেই উন্মাদনা নেই। কারণ ভারতীয় সমর্থকদের কাছে এখন পরিচিত স্লোগান হয়ে গিয়েছে- যতবার খেলবি, ততবার হারবি। পরিসংখ্যান তাই বলছে। ভারতের বিরুদ্ধে যতবার বিশ্বকাপে মুখোমুখি হয় পাকিস্তান ততবারই হারে তারা। শুধুমাত্র বিশ্বকাপ কেন এশিয়া কাপের মঞ্চে একই টুর্নামেন্টে তিনবার পাকিস্তানকে হারিয়েছে সূর্যকুমার যাদবের ভারত। কুড়ি-বিশের বিশ্বকাপের সার্বিক পরিসংখ্যানে অনেকটাই পিছিয়ে পাকিস্তান। ৮ বারের সাক্ষাতে ৭ বার হেরেছে তারা। যদিও এইবারের বিশ্বকাপে কিছু বিষয়ে পাকিস্তানকে গুরুত্ব দিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

টি-২০ বিশ্বকাপে রবিবার শ্রীলঙ্কার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে খেলতে নামছে ভারত-পাক। গ্রুপ এ-তে পয়েন্ট টেবিলে দুই দলই দুটি করে ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে ভারত, দ্বিতীয় স্থানে পাকিস্তান। ফলে দুই দলই ভালো ছন্দে রয়েছে। তবে শ্রীলঙ্কার স্লো টার্নিং উইকেটে ম্যাচ হওয়ায় ভারতের থেকে কিছুটা সুবিধা পেতে পারে পাকিস্তান। আর ইতিমধ্যেই কলম্বোয় দুটি ম্যাচ খেলে নিয়েছে পাকিস্তান। সেখানকার উইকেট কন্ডিশন সম্পর্কে অনেকটাই পরিচিত হয়ে গিয়েছে তারা। বিশ্বকাপ শুরুর বেশ কয়েক দিন আগে কলম্বোয় পৌঁছে গিয়েছিল পাকিস্তান দল।সেখানে অনুশীলনও করেছে তারা। আর ভারত মাত্র দুইদিনের অনুশীলনে কলম্বোয় খেলতে নামবে, যা কিছুটা কঠিন হতে পারে ভারতের জন্য। 

রবিবার টার্নিং উইকেটে ভারতের বিরুদ্ধে চার বিশেষজ্ঞ স্পিনার খেলাতে পারে পাকিস্তান। আবরার আহমেদ ও মহম্মদ নওয়াজের সঙ্গে জুড়েছেন শাদাব খান। টি-২০ তে তাঁর অভিজ্ঞতা কম নয়। পাকিস্তানের তুরুপের তাস হতে পারেন আর এক স্পিনার উসমান তারিক। প্রথমবার ভারতের ব্যাটারেরা খেলবেন তাঁর বিরুদ্ধে। তারিকের বোলিং অ্যাকশন অদ্ভুদ। দেখে মনে হয়, বল করার সময় কনুই ভাঙেন। ভারতের বিরুদ্ধে নামার আগেই হুঁশিয়ারি দিয়েছেন তারিক। আগের ম্যাচে ৩ উইকেট নিয়েছেন তিনি। তাঁর বোলিংয়ের বৈচিত্র প্রচুর। পাশাপাশি দলের ওপেনার সাইম আয়ুবও নিয়মিত বল করেন। তা-ও আবার পাওয়ার প্লে-তে। সুতরাং পাঁচ স্পিনার নিয়ে ভারতের বিরুদ্ধে নামবে পাকিস্তান। যা যথেষ্ট চিন্তার রাখবে সূর্য, ইশান, তিলক বর্মাদের। 

পাশাপাশি পাকিস্তান ম্যাচেও যদি দলের তারকা ওপেনার অভিষেক শর্মা খেলতে না পারেন, তাহলে চিন্তা বাড়বে ভারতের। নামিবিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি অভিষেক শর্মা। টসের সময় অধিনায়ক সূর্য জানিয়ে যান, পেটের সমস্যা থেকে সুস্থ হতে তরুণ ওপেনারের এখনও সময় লাগবে। সেই জায়গায় সঞ্জু স্যামসন সুযোগ পেয়ে ৮ বলে ২২ রান করে যান। ঝোড়ো ইনিংস খেললেও তা দীর্ঘস্থায়ী হয়নি। আর কোচ গৌতম গম্ভীরের অন্যতম ভরসার জায়গা অভিষেক। ফলে গম্ভীর অভিষেককে জানিয়েছেন, তুমি ৫০ শতাংশ সুস্থ থাকলেও তোমাকেই আমরা খেলাতে চাই। এখন দেখার ফিট সার্টিফিকেট নিয়ে অভিষেক রবিবার মাঠে নামতে পারেন কিনা! যদিও ভারতের দলের অন্যান্য ব্যাটাররা সকলেই ছন্দে আছেন। দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট থেকে ব্রাত্য করে রাখায়, দলে ফেরার সুযোগ পেয়েই মাঠে নেমে রীতিমতো প্রতিদিন সুপার সাইক্লোন তুলছেন ইশান কিষান। ফলে ইশানকে পছন্দ কারর না হলেও, তিনি নিজেকে যে ভাবে মেলে ধরছেন এরপর ইশানকে বসানোর সাহস হয়তো দেখাবেন না ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনও সদস্যই। এইবারের টি-২০ বিশ্বকাপে আরও একাধিক বড় স্কোর দলকে উপহার দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন উত্তম মজুমদারের ছাত্র ইশান। অন্যদিকে তিলক বর্মা থেকে অধিনায়ক সূর্য কিংবা হার্দিক সকলেই রানের মধ্যে রয়েছেন। ফলে অভিষেক শর্মা যোগ দিলে দল আরও স্বমহিমায় কামব্যাক করবে।

অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে কলম্বোয় ভারতও অতিরিক্ত স্পিনার নিয়ে মাঠে নামবে তা নিশ্চিত। নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে দলে ফিরেছেন বুমরাহ। সেক্ষেত্রে পাকিস্তান ম্যাচে অক্ষর, বরুন চক্রবর্তীর সঙ্গে তৃতীয় স্পিনার হিসাবে যুক্ত হতে পারেন কুলদীপ অথবা ওয়াশিংটন সুন্দর। তবে ওয়াশিংটনের খেলার সম্ভবনা যে বেশি তা স্পষ্ট। সেক্ষেত্রে বসতে হতে পারে আর্শদীপ সিং-কে।

পাশাপাশি শুক্রবার শ্রীলঙ্কার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের আগেই জোর বৃষ্টি হতে পারে। ভারত-পাকিস্তান ম্যাচ পুরোপুরি হয়তো ভেস্তে যাবে না। তবে ম্যাচের মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকছেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের সময়ে বৃষ্টির সম্ভবনা ৫০-৬৫ শতাংশ। আকাশ পুরোপুরি মেঘলা থাকবে। টার্নিং উইকেট তার মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে কলম্বোর উইকেটে কতটা ভারতীয় বোলাররা সুবিধা করতে পারবেন তাই নিয়েও চলছে জোর চর্চা।   

৫ বিদেশী নিয়েই শনিবার কলকাতায় চ্যাম্পিয়ন মোহনবাগানকে রুখতে মরিয়া কেরালা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular