ময়দান আপডেট: বুধবার টি-২০ বিশ্বকাপে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ নামিবিয়াকে ১০২ রানের বিরাট ব্যবধানে একতরফা ম্যাচে হারিয়ে বিশ্বকাপের সুপার এইটে-জায়গা করে নিল পাকিস্তান। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত একমাত্র ভারতের কাছে একটি ম্যাচ হেরেছে পাক বাহিনী। ৪ ম্যাচ খেলে ৩ ম্যাচে জয় লাভ করে ৬ পয়েন্ট নিয়ে শেষ আটে পৌঁছে গেল তারা। উল্লেখ্য এই ম্যাচের আগে পর্যন্ত দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে রান রেটের বিচারে পাকিস্তানের উপরে ছিল আমেরিকা। কিন্তু এদিন পাকিস্তান জয় পাওয়ার পর, তারাই ভারতের পর গ্রুপ এ থেকে উঠে এল দ্বিতীয় স্থানে।

এদিন নামিবিয়ার বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন পাক ওপেনার সাহিবজাদা ফারহান। ৫৮ বলে ১০০ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১১ টা চার ও ৪ টে ছয়। ৩৮ রান করেন সালমান আঘা। ৩৬ রানে অপরাজিত থাকেন সাদাব খান। পাকিস্তান প্রথম ব্যাট করে তোলে ৩ উইকেটে ১৯৯ রান।

আর জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯৯ রানেই অলআউট হয়ে যায় নামিবিয়া। পাকিস্তানের হয়ে ৪ উইকেট নেন উসমান তারিখ, ৩ উইকেট নেন সাদাব খান। ফলে ১০২ রানে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। উল্লেখ্য পাকিস্তান এরপর সুপার এইটে নিজেদের পরবর্তী ম্যাচে খেলতে নামবে আগামী ২১ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে কলম্বোতে।

এদিনের বিশ্বকাপে অপর ম্যাচে ৬ উইকেটে সংযুক্ত আরব আমিরশাহি (UAE) কে হারিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে ক্লিনশিট বজায় রাখল প্রোটিয়ারা। অর্থাৎ ৪ ম্যাচেই জয় লাভ করে ৮ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের সুপার এইটে খেলতে নামবে সাউথ আফ্রিকা। এদিন প্রথম ব্যাট করে UAE তোলে ৬ উইকেটে ১২২ রান। প্রোটিয়াদের হয়ে ৩ উইকেট নেন করবিন বশ।

আর জবাবে ব্যাট করতে নেমে আদিন মার্করামের দল ১৩ ওভার ২ বলেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়। তাদের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন ডেওয়াল্ড ব্রেভিস। ৩০ রান করেন রায়ান রিক্যালটান। ৪০ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় লাভ করল সাউথ আফ্রিকা। উল্লেখ্য সুপার এইটে সাউথ আফ্রিকা নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে নামবে আগামী ২২ ফেব্রুয়ারি আমেদাবাদে ভারতের বিরুদ্ধে।
দেশের সেরা বাংলার বোলিং লাইনকে হারিয়ে, এবার প্রথমবার ট্রফি জয়ের আশায় আকিব নবিরা!
