ময়দান আপডেট: টি-২০ বিশ্বকাপে রবিবার শেষ আটের লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। প্রোটিয়াদের বিরুদ্ধে লড়াইটা যে মোটেও খুব একটা সহজ হবে না, তা বেশ জানেন সূর্যকুমার যাদবরা। কারণ ভারতের মতো সাউথ আফ্রিকাও গ্রুপ ডি-তে চার ম্যাচ খেলে ৪ ম্যাচেই জিতে ৮ পয়েন্ট নিয়ে ক্লিনশিট বজায় রেখে, সুপার এইটে জায়গা করে নিয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। যদিও আমেদাবাদে ভারতের ঘরের মাঠে ম্যাচ হওয়ায়, অনেকটাই সুবিধা পাবে ভারতীয় দল। কারণ শেষ আটের লড়াই দেখতে হাউসফুল মোতেরা স্টেডিয়াম যে থাকবে তা নিশ্চিত। তবে প্রতিপক্ষ প্রোটিয়াদের যথেষ্ট সমীহ করছেন গৌতম গম্ভীররা।

শেষ আটে গ্রুপ ওয়ানে ভারত ও সাউথ আফ্রিকা দুই দলকেই খেলতে হবে এই ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ের সঙ্গে। ফলে পরের দুটি ম্যাচের থেকে অনেকটাই চ্যালেঞ্জিং হতে চলেছে দুই দলের কাছেই এই ম্যাচটা। ২০২৫ সালের শেষে ভারতের মাটিতে টি-২০ সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত ও সাউথ আফ্রিকা। আর সেই সিরিজে প্রোটিয়াদের ৩-১ এ হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সূর্যকুমার যাদবের দল। ৫ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। একটি ম্যাচে জেতে সাউথ আফ্রিকা। আর একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। ফলে রবিবার প্রোটিয়াদের থেকে অবশ্যই ফেভারিট টিম ইন্ডিয়া।

আর চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন ইশান কিষান, সূর্যকুমার যাদব, শিবম দুবে, তিলক বর্মারা। তবে সুস্থ হয়ে দলে কামব্যাক করে শেষ পর-পর দুটি ম্যাচেই ০ রানে আউট হয়েছেন অভিষেক শর্মা। যে বিষয়টা একটু চিন্তার কারণ ভারতের জন্য। ফলে প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচে অভিষেক ছন্দে ফিরবেন এই প্রত্যাশা থাকবে ভারতীয় সমর্থকদের। তবে অভিষেকের রান না পাওয়ার অভাব বুঝতে দিচ্ছেন না ইশান। কারণ প্রত্যেক ম্যাচেই ইশান ঝড় অব্যাহত। পাশাপাশি বল হাতে ম্যাজিক দেখাচ্ছেন বরুন চক্রবর্তী, যশপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেলরা। আর শেষ ম্যাচে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হলেও, মনে করা হচ্ছে আমেদাবাদের উইকেটে দুই স্পিনারেই খেলবে ভারত। সেক্ষেত্রে আবারও ব্যাক করবেন আর্শদীপ।

অন্যদিকে সাউথ আফ্রিকা গ্রুপে নিউজিল্যান্ড, আফগানদের হারিয়ে বেশ চনমনে মেজাজে রয়েছে। ব্যাট হাতে ভালো ছন্দে রয়েছেন আদিন মার্করাম, রায়ান রিকেলটন, ব্রেভিসরা। আর বল হাতেও ভালো দাপট দেখিয়েছেন করবিন বশ, মার্কোস জনসনরা। সবমিলিয়ে রবিবার গুজরাতের মাটিতে একটা ভালো লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।
আজ শুরু বিশ্বকাপের শেষ আটের মহাযুদ্ধ, নামছে পাকিস্তানের বিরুদ্ধে কিউয়িরা
