ময়দান আপডেট: টি-২০ বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে গ্রুপ ওয়ানে পর-পর দুটি ম্যাচের পরে ভারতের সেমিফাইনালে যাওয়ার অঙ্কটা বেশ জটিল করে দিল তা বলা যেতেই পারে। তার কারণ প্রথমে বড় ব্যবধানে সাউথ আফ্রিকার কাছে হার ভারতের। আর সোমবার বিশাল রানের ব্যবধানে জিম্বাবোয়েকে হারিয়ে গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসে, ভারতের সমীকরণটা আরও জটিল করে দিল ক্যারিবিয়ানরা। তার কারণ এই ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজ শুধুমাত্র পয়েন্ট টেবিলে এক নম্বরে নয়, রানরেটের বিচারেও তারা অনেক এগিয়ে সাউথ আফ্রিকা ও ভারতের থেকে। আর ভারতকে হারিয়ে দ্বিতীয় স্থানে সাউথ আফ্রিকা। তৃতীয় স্থানে টিম ইন্ডিয়া। ফলে এখন যা পরিস্থিতি তাতে ভারতকে শুধুমাত্র জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতলেই চলবে না, বড় ব্যবধানে জিততে হবে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচগুলির দিকেও। সাউথ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচও ভারতের জন্য নির্নায়ক ভূমিকা নিতে পারে। কারণ ওই ম্যাচে যদি ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয়, তাহলে তারা সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবে। অপরদিকে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রোটিয়াদের জয়ের সম্ভাবনা প্রবল। ফলে ভারতের শেষ চারে যাওয়া কঠিন হয়ে যেতে পারে।

উল্লেখ্য সোমবার ১০৭ রানের বিরাট ব্যবধানে জিম্বাবোয়েকে কার্যত ধরাশায়ী করে দিল ওয়েস্ট ইন্ডিজ। এদিন প্রথম ব্যাট করে ২০ ওভারে আড়াইশো রানের গন্ডি পার করে দেয় ক্যারিবিয়ানরা। তারা তোলে ৬ উইকেটে ২৫৪ রান। ৩৪ বলে ৮৫ রানের একটা সুপার সাইক্লোন ইনিংস খেলেন সিমরন হিটমায়ার। তাঁর ইনিংসে ছিল ৭ টা চার ও ৭ টা ছয়। পাশাপাশি ৩৫ বলে ৫৯ রান করেন রভম্যান পাওয়েল। ১৩ বলে ৩১ রানে অপরাজিত থাকেন রাদারফোর্ড।

আর জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে মাত্র ১৪৭ রানে অলআউট হয়ে যায়। তাদের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ব্রাড ইভান্স। ক্যারিবিয়ানদের হয়ে ৪ উইকেট নেন গুদাকেশ মুতাই। ৩ উইকেট নেন আখিল হোসেন। ১৭ ওভার ৪ বলে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে।

ফলে ১০৭ রানে জিতে এখন পয়েন্ট টেবিলে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ। এবার বিশ্বকাপে যে অনবদ্য ইনিংস খেলছে তারা, যা বেশ আতঙ্কে রাখছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের।
বিশ্বকাপে ভারতের বিজয়রথ থামিয়ে দিল প্রোটিয়ানরা, ৭৬ রানের বিরাট ব্যবধানে জয়ী সাউথ আফ্রিকা
