ময়দান আপডেট: টি-২০ বিশ্বকাপে বৃহস্পতিবার আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে হাইভোল্টেজ ডুয়েলে নামছে সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। যে ম্যাচটার দিকে কার্যত তাকিয়ে থাকবে মুখোমুখি দুই দেশের সমর্থকদের পাশাপাশি গোটা ভারতবাসী। তার কারণ এই ম্যাচটার ফলাফলও ভারতের বিশ্বকাপ সেমিফাইনাল খেলার ছাড়পত্র আদায়ে বড় ভূমিকা নিতে পারে। তার কারণ ইতিমধ্যেই প্রোটিয়ারা নিজেদের শেষ আটের প্রথম ম্যাচেই সূর্য বাহিনীকে ৭৬ রানের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। অন্যদিকে ক্যারিবিয়ানরাও চলতি বিশ্বকাপে সমস্ত ম্যাচ জিতে এখনও পর্যন্ত অপরাজেয়। তারা জিম্বাবোয়ের বিরুদ্ধে ১০৭ রানের বিরাট ব্যবধানে জয় পেয়েছে। পাশাপাশি প্রথম ব্যাট করে আড়াইশো রানের গন্ডি পার করে দেয় ক্যারিবিয়ানরা। তারা তোলে ৬ উইকেটে ২৫৪ রান। ফলে ভারতের জন্য চাপ বাড়ানোর পাশাপাশি গ্রুপে পয়েন্ট ও রানরেটের বিচারে অনেকটাই উপরে ওয়েস্ট ইন্ডিজ।

সাউথ আফ্রিকার বিরুদ্ধেও ওয়েস্ট ইন্ডিজ জয় পেলে তারা ৪ পয়েন্টে পৌঁছে যাবে। পাশাপাশি রানরেটে অনেকটাই উপরে থাকায়, সেমির রাস্তা কার্যত নিশ্চিত হয়ে যাবে ক্যারিবিয়ানদের। অন্যদিকে সাউথ আফ্রিকাও বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছে। ভারতকে এই আমেদাবাদের মাটিতেই হারিয়ে তাদের মনোবল এখন আকাশছোঁয়া। ভারতের বিরুদ্ধে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তোলেন ডেভিড মিলার ও ডিওয়াল্ড ব্রেভিস। ২০ রানে ৩ উইকেট পড়ে যাওয়া সাউথ আফ্রিকার চতুর্থ উইকেট পড়ে ১১৭ রানে। ৪৫ রান করেন ব্রেভিস। ৩৫ রানে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস দলকে উপহার দেন ডেভিড মিলার। ফলে গোটা প্রোটিয়া দল আমেদাবাদের চেনা পিচে ক্যারিবিয়ানদের বধ করতে মুখিয়ে রয়েছে। তার কারণ ওয়েস্ট ইন্ডিজ কলকাতায় দুটি ম্যাচ খেলেছে, ফলে কলকাতার ইডেনের উইকেট সম্পর্কে তাদের যেমন ভালো অভিজ্ঞতা রয়েছে, তেমনি সাউথ আফ্রিকাও আমেদাবাদের পরিস্থিতি সম্পর্কে অনেকটাই ওয়াকিবহাল। ফলে কিছুটা হলেও এদিন সুবিধা পাবে সাউথ আফ্রিকা তা নিশ্চিত।

অন্যদিকে সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পরিসংখ্যান বলছে শেষ ৫ বারের এই দুই দলের টি-২০ তে সাক্ষাতে দুইবার জিতেছে প্রোটিয়ারা। ২ বার জিতেছে ক্যারিবিয়ানরা। একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। ফলে হাড্ডাহাড্ডি ম্যাচের অপেক্ষায় আমেদাবাদ।

তবে এই ম্যাচে সাউথ আফ্রিকা জয় পেলে সুবিধা ভারতের জন্য। কারণ প্রোটিয়ারা এই ম্যাচে জিতে গেলে, তারা যে জিম্বাবোয়েকেও হারাবে তা অনেকটাই আশা করা যায়। সেক্ষেত্রে সাউথ আফ্রিকা তিন ম্যাচে জিতে সেমিতে পৌঁছে যাবে। আর ওয়েস্ট ইন্ডিজ থাকবে ২ পয়েন্টে। ফলে ভারত জিম্বাবোয়েকে এবং ইডেনে ওয়েস্ট ইন্ডিজকে আটকে দিতে পারলে ৪ পয়েন্ট নিয়ে সেমির টিকিট কেটে ফেলবে নিশ্চিত ভাবে। ফলে এখন দেখার শেষ পর্যন্ত আদিন মার্করাম নাকি সাই হোপ কারা করে এই লড়াইয়ে বাজিমাৎ!
বিশ্বকাপের সেমিফাইনালের কঠিন সমীকরণ টিম ইন্ডিয়ার ! কোন পথে সেমিতে? দেখুন
