ময়দান আপডেট: বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে ইংল্যান্ডের কাছে ৫১ রানে হারের পর, এবার কিউয়িদের কাছে নিজেদের ঘরের মাঠে পরাজিত হয়ে বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্নভঙ্গ শ্রীলঙ্কার। নিয়মরক্ষার শেষ ম্যাচে ২৮ তারিখ পাকিস্তানের মুখোমুখি হবে লঙ্কা বাহিনী। তবে টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বে ভালো ক্রিকেট উপহার দিলেও, শেষ আটের লড়াইয়ে সমর্থকদের হতাশ করল শ্রীলঙ্কা। পর-পর দুই ম্যাচেই হার। এদিন প্রেমদাসা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন অধিনায়ক দাসুন শঙ্কা। আর প্রথম ব্যাট করে কিউয়িরা তোলে ৭ উইকেটে ১৬৮ রান। তাদের দলের হয়ে গড়ে কম-বেশি ভালো ব্যাট করেন সকলেই। সর্বোচ্চ ২৬ বলে ৪৭ রান করেন অধিনায়ক মিচেল স্যান্টনার। ৩২ রান করেন রচিন রবীন্দ্রা। ৩১ রানে অপরাজিত থাকেন কোল ম্যাককনসাইন। ২৩ রান করেন ফিন অ্যালেন। শ্রীলঙ্কার হয়ে ৩ টি করে উইকেট নেন মাহেশ থিকশানা ও দুস্মন্ত চামিরা।

আর জবাবে ব্যাট করতে নেমে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয় শ্রীলঙ্কার। কিউয়ি বোলারদের আক্রমণের সামনে একের পর এক উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। এদিন অনবদ্য বোলিং উপহার দেন রচিন রবীন্দ্রা ও ম্যাট হেনরিরা। অত্যন্ত ধীর গতিতে এদিন ব্যাট করতে থাকে লঙ্কা বাহিনী। আর ব্যাট চালাতে গেলেই উইকেট হারিয়ে ফেলতে থাকে তারা।

তারই মধ্যে শ্রীলঙ্কার হয়ে কিছুটা লড়াই করার চেষ্টা করেন কামেন্দু মেন্ডিস। তিনি করেন ৩১ রান। পাশাপাশি দুনিথ ওয়েল্লালাগে করেন ২৯ রান। শ্রীলঙ্কা তোলে ২০ ওভারে ৮ উইকেটে ১০৭ রানে। ৬১ রানে ম্যাচ জিতে নিল নিউজিল্যান্ড। এদিন ৪ উইকেট নেন রচিন রবীন্দ্রা ও ২ উইকেট নেন ম্যাট হেনরি।
মৃত্যুর সঙ্গে লড়াই করা বাবাকে দেখেই আবারও চেন্নাইয়ে রিঙ্কু !
