ময়দান আপডেট: আইএসএলের গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগানের এখন একটাই লক্ষ্য প্রত্যেক ম্যাচে জয় পাওয়ার পাশাপাশি অন্যান্য দলের থেকে গোল পার্থক্যের ব্যবধান কমানো। শেষ দুই ম্যাচে কেরালা ও চেন্নাইয়ের বিরুদ্ধে ২-০ গোলে জিতে ক্লিনশিট বজায় রেখেছে মোহনবাগান। আর শনিবার সবুজ-মেরুনের প্রতিপক্ষ বাংলার ঘরের দল মহামেডান স্পোর্টিং। ফলে এই ম্যাচ কার্যত মিনি ডার্বি বলাই যায়। যদিও গত মরসুম থেকে আইএসএলে যোগ দেওয়া মহামেডান স্পোর্টিংয়ের বর্তমানে উপযুক্ত স্পন্সরের অভাবে আর্থিক সঙ্কট চরমে। এইবারের মরসুমে আদৌও দল নামাতে পারবে কিনা সেই নিয়েই সংশয় দেখা দিয়েছিল। যদিও শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর সহযোগিতায় এবারের আইএসএলে খেলতে সম্মতি জানায় সাদা-কালো বাহিনী। কিন্তু তাদের ট্রান্সপারব্যান থাকায় তারা কোনও বিদেশীকে দলে নিতে পারেনি। শুধুমাত্র একঝাঁক বাঙালি ফুটবলার এবং ভারতীয় ফুটবলারদের নিয়ে আইএসএলে খেলছে। যা এককথায় নজিরবিহীন।

মহামেডান স্পোর্টিং তাদের প্রথম দুই ম্যাচেই জামশেদপুর ও এফসি গোয়ার কাছে পরাজিত হয়েছে। জামশেদপুরের কাছে অ্যাওয়ে ম্যাচে হারের পর, এফসি গোয়ার কাছে ঘরের মাঠে ২-০ গোলে পরাজিত হয়েছে তারা। ফলে অনেকটাই ব্যাকফুটে খালিদ জামিলের দল। বিদেশী ছাড়া দল গঠন করায় এবারের মরসুম নিয়ে সেভাবে কোনও রকম প্রত্যাশা নেই মহামেডানের কর্মকর্তা থেকে সমর্থকদের। ফলে মাঠে দলের খেলা দেখতেও সেভাবে দর্শকদের উপস্থিতি চোখে পড়ছে না। তবে কোচ মেহেরাজউদ্দিন মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ নিয়ে খুব একটা প্রত্যয়ী না হলেও, অনুশীলনে দলের ছেলেদের নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি শক্তিশালী মোহনবাগানের বিরুদ্ধে গোল করা বা জয় পাওয়ার বিষয়ে প্রচেষ্টা না করে, ডিফেন্স শক্ত রেখে গোল খাওয়া আটকানোই এখন প্রধান লক্ষ্য মেহেরাজের।

অন্যদিকে মোহনবাগান কোচ সার্জিও লোবেরা জানেন, ভারতীয় ফুটবলারদের নিয়েই দল গঠন করেছে মহামেডান। তবে প্রতিপক্ষকে ছোট না করে, যথেষ্ট সম্মান ও সমীহ করার বার্তাই দিলেন লোবেরা। তিনি বলেন, আমাদের প্রথম টার্গেট থাকবে ৩ পয়েন্ট পাওয়া, দ্বিতীয় টার্গেট গোলের ব্যবধানে কমিয়ে হাইস্কোরিং ভাবে ম্যাচ জেতা। দলে প্রচুর ভালো ফুটবলার রয়েছে। ফলে প্রথম একাদশে কোনও পরিবর্তন করা হবে কিনা সেটা ম্যাচের আগেই চূড়ান্ত করবেন কোচ। তবে শেষ দুই ম্যাচে দলের খেলায় যথেষ্ট খুশি বলে জানিয়েছেন সার্জিও। তবে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করানোই তাঁর প্রধান লক্ষ্য। অন্যদিকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত জেমি ম্যাকলারেন বলেন, দুই ম্যাচে তিনি দুটি গোল করেছেন, গোল্ডেন বুট পাওয়ার জন্য অবশ্যই প্রচেষ্টা করবেন তিনি। ভারতের সর্বোচ্চ লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়া তাঁর বহুদিনের স্বপ্ন। তাই প্রত্যেক ম্যাচে ভালো ফুটবল উপহার দেওয়ার প্রচেষ্টা করবেন তিনি। সবমিলিয়ে মহামেডানের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে লিগ টেবিলে সবার উপরে উঠে আসাই এখন চ্যালেঞ্জ মোহনবাগান সুপার জায়েন্টসের।
আজ আইএসএলে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ জামশেদপুর এফসি, মাদিহ তালালদের রুখতে তৈরি হিজ্জেজারি-সোজবার্গ জুটি
