ময়দান আপডেট: চলতি আইএসএলে তিন ম্যাচেই দুর্দান্ত জয় নিয়ে লিগ টেবিলে পয়েন্ট থেকে গোল পার্থক্যের বিচারে শীর্ষে মোহনবাগান সুপার জায়েন্টস। আর এবার ঘরের মাঠে সবুজ-মেরুনের পরের প্রতিপক্ষ কোচ সার্জিও লোবেরার প্রাক্তন দল ওড়িশা এফসি। শুক্রবার যুবভারতীতে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামছে ওড়িশা। যদিও এই ম্যাচটি প্রথমে ওড়িশার ঘরের মাঠে কলিঙ্গতে হওয়ার কথা ছিল, তবে কিছু সমস্যা থাকায় ম্যাচ আয়োজন করতে রাজি হয়নি ওড়িশা এফসি। ফলে ম্যাচের ভেন্যু বদল করে মোহনবাগানকে হোম ম্যাচ দেওয়া হয়। আর এই ম্যাচে খাতায়-কলমে শক্তির বিচারে অনেকটাই এগিয়ে মোহনবাগান। তার কারণ প্রথমত, বর্তমানে মোহনবাগানের কোচ সার্জিও লোবেরা গত দুই মরসুম ওড়িশা এফসির কোচের দায়িত্বে ছিলেন। ফলে ওড়িশা দলের সমস্ত খুঁটিনাটি তথ্য খুব ভালো ভাবে জানেন লোবেরা। দ্বিতীয়ত, এই বছরের ওড়িশার দল ছন্নছাড়া হয়ে গিয়েছে। একমাত্র বিদেশী ফুটবলার হিসাবে এই দলে রয়েছেন স্প্যানিস সেন্টারব্যাক কার্লোস দেলগাডো। আর কোনও বিদেশী ফুটবলার নেই। শুধুমাত্র ভারতীয় ফুটবলার নিয়েই দল গঠন করেছে তারা। অপরদিকে মোহনবাগানের দলে রয়েছেন একঝাঁক সুপার স্টার বিদেশী ফুটবলার। তৃতীয়ত, আইএসএল শুরুর মাত্র ৫ থেকে ৭ দিন আগে অনুশীলন শুরু করে ওড়িশা, তারা আদৌও এবার দল নামাতে পারবে কিনা তাই নিয়েই সংশয় ছিল। আর্থিক সমস্যা রয়েছে দলে। ফুটবলারদের বেতনেও কাটছাট করা হয়েছে। অথচ অন্যদিকে সুপার কাপের পর থেকে প্রায় দেড় মাসের বেশি সময় অনুশীলন করে আইএসএলে সফর শুরু করেছে সবুজ-মেরুন বাহিনী। পয়েন্ট টেবিলেও যেখানে এক নম্বরে মোহনবাগান, সেখানে ২ ম্যাচেই ড্র করে ২ পয়েন্ট নিয়ে নয় নম্বরে ওড়িশা।

যদিও বুধবার সাংবাদিক সম্মেলনে সার্জিও লোবেরা তাঁর প্রাক্তন দলের প্রতি যথেষ্ট সম্মান জানান। তিনি বলেন, হয়তো ওই দলে একজন বিদেশী, কিন্তু তাদের দলে একাধিক তারকা ভারতীয় ফুটবলার রয়েছে। যারা যথেষ্ট গুনগতমানে ভালো ফুটবলার। ফলে শক্তির বিচারে মোহনবাগান এগিয়ে থাকলেও, ওড়িশাকে হালকা ভাবে নেওয়ার কোনও কারণ নেই। পাশাপাশি তিনি জানান, মোহনবাগানের দলে প্রচুর ভালো ফুটবলার আছে, ফলে প্রথম একাদশ সাজানো বেশ চ্যালেঞ্জিং। আর গোল পার্থক্যে বড় ব্যবধানে জয়ের কথা তিনি ভাবছেন না, তাঁর প্রধান লক্ষ্য প্রত্যেক ম্যাচে জিতে ৩ পয়েন্ট ঘরে আনা। তবে বড় গোলের ব্যবধানে জিততে পারলে তো অবশ্যই ভালো লাগবে।

অন্যদিকে মহামেডানের বিরুদ্ধে ম্যাচে জোড়া গোল করার পর চোট পাওয়ায় স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান তারকা বিদেশী ফুটবলার রবসন। যদিও বর্তমানে তাঁর ইনজুরি অনেকটাই ভালো আছে। তবে এদিন অনুশীলনে আসলেও, দলের সঙ্গে অনুশীলন করেননি রবসন, তিনি ভিতরের ঘরে ফিজিওর সঙ্গে সময় কাটান। আর রবসনের প্রসঙ্গে কোচ লোবেরা বলেন, এই দুইদিন তাঁর অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচে নামানো সম্ভব কিনা! আর খেলখেও কিছুটা সময়ের জন্য হয়তো খেলানো হতে পারে। পাশাপাশি এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত টম অলড্রেড জানান, তিনি প্রথম একাদশে খেলার সুযোগ না পেলেও, কোনও সমস্যা নেই। দল জিতছে, এটাই ভালো খবর। তিনি যতটা গেমটাইম পাবেন প্রতিপক্ষ দলকে আটকে রাখার চেষ্টা করবেন।

অন্যদিকে উল্লেখ্য আগামী ৮ তারিখ আন্তর্জাতিক নারি দিবস। সেই উপলক্ষ্যে শুক্রবার মোহনবাগান সুপার জায়েন্টস বনাম ওড়িশা ম্যাচের সাধারণ গ্যালারির টিকিট বিনামূল্যে পাবেন সমর্থকেরা। ১৫ হাজার দর্শককে বিনামূল্যে টিকিট দেওয়া হবে বলে জানিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। প্রত্যেক সমর্থককে দুটি করে টিকিট দেওয়া হবে৷ ঘোষণা MBSG এর কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার। আর ফেডারেশনের পক্ষ থেকে সিদ্ধান্ত পুর্ণবিবেচনা করে ২৫ থেকে ৩০ হাজার দর্শককে যুবভারতীতে খেলা দেখার অনুমতি দেওয়া হয়েছে। তাঁর মধ্যে থাকছে ১৫ হাজার সমর্থকদের জন্য ফ্রি টিকিটের ব্যবস্থা। সবমিলিয়ে ওড়িশার বিরুদ্ধে বড় জয়ের উচ্ছ্বাসে মাততে প্রস্তুত সবুজ-মেরুন সমর্থকরা।
মোহনবাগানের চাপের কাছে কার্যত নতি স্বীকার ফেরারেশনের, আংশিক গ্যালারি খুলে রাখার অনুমতি!
