ময়দান আপডেট: একটা আন্তর্জাতিক টি-২০ ম্যাচে উঠল ৪৯৯ রান। যদিও আইপিএলে এত বিরাট রান এক ম্যাচে অনেক সময়ই দেখা যায়, কিন্তু টি-২০ বিশ্বকাপের ইতিহাসে একটি ম্যাচে দুই দল মিলিয়ে ৪৯৯ রান! একটা নতুন মাইলস্টোন তৈরি হল তা বলা যেতেই পারে। প্রথম ব্যাট করে ভারত তোলে ৭ উইকেটে ২৫৩ রান। আর ওই রানের বিরুদ্ধে অবিশ্বাস্য লড়াই ইংল্যান্ডের। তারা থামল ২০ ওভারে ৭ উইকেটে ২৪৬ রানে। মাত্র ৭ রানের জন্য জয় হাতছাড়া হল ইংরেজদের। তবে মুম্বইয়ের ওয়াংখেড়েতে হাইভোল্টেজ থ্রিলারে ভরা একটা দুর্দান্ত ম্যাচ উপভোগ করলেন গোটা স্টেডিয়ামের দর্শকরা। উল্লেখ্য এদিন বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন মাহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা থেকে শুরু করে জয় শাহ, বোর্ড সভাপতি মিঠুন মানহাস সহ বিসিসিআই এর অধিকাংশ সদস্য সহ বহু প্রাক্তন ক্রিকেটাররা।

এদিন ভারতের ব্যাটের পর মনে হয়েছিল নিউজিল্যান্ড-সাউথ আফ্রিকা ম্যাচের মতো এই সেমিফাইনালটাও একতরফা না হয়ে যায়! ভারত হয়তো সহজেই বড় ব্যবধানে জয় পেতে পারে। কিন্তু ইংল্যান্ডের ইনিংসে ব্যাট হাতে কার্যত সুপার সাইক্লোন তুললেন জেকব বেথেল। তাঁর ঝড়ো ব্যাটিংয়ের সৌজন্যে একটা সময় মনে হচ্ছিল হয়তো এত বিরাট টার্গেটের সামনেও রান তাড়া করে জিতে নেবে ইংল্যান্ড। ইংল্যান্ডের জয়ের সুযোগ এদিন তৈরি করে দেন জেকব বেথেল, উইল জ্যাকসরা। তবে ভাগ্য সহায় না হওয়ায় মাত্র ৭ রানের জন্য পরাজিত হয়ে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিল ইংল্যান্ড।

এদিন ব্যাট হাতে জেকব বেথেল করেন অনবদ্য ৪৮ বলে ১০৫ রানের ইনিংস। তাঁর ইনিংস সাজানো ছিল ৮ টা চার ও ৭ টা ছয় দিয়ে। ইংল্যান্ড মাত্র ৭ রানের জন্য জিততে না পারলেও, জেকব বেথেলের এত চাপের মধ্যেও ভারতের শক্তিশালী বোলিং আক্রমণের সামনে লড়াইকে কুর্নিশ জানিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। পাশাপাশি এদিন ২০ বলে ৩৫ রান করেন উইল জ্যাক। আর শেষ ওভারে তিনটি ছয় হাঁকিয়ে ৪ বলে ১৯ রানে অপরাজিত থাকেন জোর্ফা আর্চার।

উল্লেখ্য এদিন আবারও ভারতের ইনিংসে ৪২ বলে ৮৯ রানের একটা দারুন ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। তাঁর ইনিংসে ছিল ৮ টা চার ও ৭ টা ছয়। পাশাপাশি ১৮ বলে ৩৯ রান করেন ইশান কিশান। ২৫ বলে ৪৩ রান করে শিবম দুবে। ৭ বলে ২১ করেন তিলক বর্মা।

ভারতের ২৫৩ রানের বিশাল স্কোরের সামনে বহু রেকর্ড ভেঙে দুর্দান্ত লড়াই চালিয়ে গেল ইংরেজরা। যদিও শেষরক্ষা হল না। আর বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থবারের জন্য টি-২০ বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়া। আর তৃতীয়বার ভারতের সামনে বিশ্বকাপ জয়ের সুযোগ। আগামী রবিবার বিশ্বকাপের ফাইনালে আমেদাবাদে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
অতিরিক্ত ডিফেন্সে ভরা ফুটবল! গোলশূন্য ড্র ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া ম্যাচ
