Monday, March 23, 2026
Homeক্রিকেটআইপিএলগতবারের ব্যর্থতা ভুলে এবার আইপিএলে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নাইটদের, দলে বিশ্বকাপের একাধিক...

গতবারের ব্যর্থতা ভুলে এবার আইপিএলে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নাইটদের, দলে বিশ্বকাপের একাধিক সফল ক্রিকেটাররা

এবার আইপিএলে নাইটদের পেস বোলিং বিভাগকে আরও শক্তিশালী করতে কলকাতা নাইট রাইডার্স দলে যুক্ত হচ্ছেন জিম্বাবোয়ের ফাস্ট বোলার ব্লেজিং মুজরাবানি। এইবছর টি-20 বিশ্বকাপে দুর্দান্ত বোলিং উপহার দিয়েছেন তিনি। ৬ টা ইনিংসে তিনি নিয়েছেন ১৩ টা উইকেট।

ময়দান আপডেট: দেখতে-দেখতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কাউন্টডাউন আর মাত্র কয়েক দিনের। টি-২০ বিশ্বকাপ শেষ হতেই আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে কম-বেশি বেশ কিছু দলই। ২৮ মার্চ এবারের আইপিএলের বোধন। প্রথম ম্যাচেই ব্যাঙ্গালুরুতে খেলতে নামছে গতবারের চ্যাম্পিয়ন বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। আর আইপিএলের দ্বিতীয় দিনেই অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। যদিও প্রথমেই অ্যাওয়ে ম্যাচে ২৯ তারিখ মুম্বইয়ের ওয়াংখেড়েতে খেলতে হবে নাইটদের। প্রতিপক্ষ রোহিত শর্মার দল মুম্বই ইন্ডিয়ান্স। এখনও পর্যন্ত এবারের আইপিএলের আপাতত ২৮ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত ২০ টি ম্যাচের ক্রীড়াসূচি ঘোষণা করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। তার কারণ এই বছর সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ফলে ভোটের দিন ঘোষণার পরেই আইপিএলের বাকি ক্রীড়াসূচি ঘোষণা করবে বিসিসিআই। ২০ টি ম্যাচের মধ্যে কেকেআরের চারটি ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে। এরমধ্যে ২৯ তারিখ প্রথম ম্যাচ ওয়াংখেড়েতে খেলার পর, নাইটরা পরের তিনটি হোম ম্যাচ খেলবে ইডেন গার্ডেন্সে। এই তিনটি হোম ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২ তারিখ হায়দরাবাদের বিরুদ্ধে, ৬ তারিখ পঞ্জাব কিংসের বিরুদ্ধে, এবং ৯ তারিখ লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে।

উল্লেখ্য, গত আইপিএলের মরসুমটা ভালো যায় নি নাইটদের জন্য। তারা ১৪ টা ম্যাচ খেলে মাত্র ৫ টি ম্যাচে জয় পেয়েছিল। ৭ ম্যাচ হেরে মাত্র ১২ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে শেষ করেছিল কেকেআর। ফলে এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে অনেকটাই শক্তিশালী দল গঠন করেছে শাহরুখ, ভেঙ্কি মাইশোরের নাইট রাইডার্স। 

নাইট রাইডার্সের এবারের দলে রয়েছেন এবারের আইপিএলের সর্বাধিক দামি ক্রিকেটার অজি তারকা ক্যামরন গ্রিন। তাঁকে ২৫ কোটি ২০ লক্ষ টাকায় কিনেছে নাইটরা। ফলে তাঁর উপর অনেকটাই তাকিয়ে থাকবে নাইট বাহিনী। এর পাশাপাশি ১৮ কোটি টাকায় এবার শ্রীলঙ্কার তারকা পেসার মাথিশা পাথিরানাকে দলে নিয়েছে কেকেআর। ফলে এবার নাইটদের পেস বিভাগের অন্যতম অস্ত্র হতে চলেছে পাথিরানা তা বলার অপেক্ষা রাখে না। এর পাশাপাশি সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত সাফল্য দেখিয়েছেন নাইটদের এবারের দলে নেওয়া তিন কিউয়ি ক্রিকেটার। তারা হলেন- টপ অর্ডার ব্যাটার ফিন অ্যালেন, ডানহাতি ব্যাটার তথা উইকেটকিপার টিম লুইস শেফার্ড ও অলরাউন্ডার রচিন রবীন্দ্রা। এই তিনজনই এবার নাইটদের দলে। তিন কিউয়ি তারকাই আইপিএলের আগে টি-২০ বিশ্বকাপে নজর কেড়েছেন দর্শকদের। বিশ্বকাপে ফিন অ্যালেন ৮ ইনিংসে করেছেন ২৯৮ রান, টিম শেফার্ড ৮ ইনিংসে করেছেন ৩২৬ রান। অন্যদিকে বল হাতে ৭ ইনিংসে বিশ্বকাপে ১২ টি উইকেট নিয়েছেন রচিন রবীন্দ্রা। ফিল অ্যালেনকে নাইটরা এবার কিনেছে ২ কোটি টাকায়, রচিন রবীন্দ্রার দরও ২ কোটি টাকা, টিম শেফার্ডের দল ১ কোটি ৫০ লক্ষ টাকা। ফলে এই তিনজনই এবার নাইটদের দলের বড় সম্পদ হতে চলেছে। পাশাপাশি এবার অনেক বছর পর নাইটদের দলে বাংলার দলে খেলা কোনও ক্রিকেটার। ১ কোটি টাকায় বাংলার তারকা ফাস্ট বোলার আকাশদীপকে দলে নিয়েছে নাইটরা।

একইসঙ্গে এবার আইপিএলে নাইটদের পেস বোলিং বিভাগকে আরও শক্তিশালী করতে কলকাতা নাইট রাইডার্স দলে যুক্ত হচ্ছেন জিম্বাবোয়ের ফাস্ট বোলার ব্লেজিং মুজরাবানি। এইবছর টি-20 বিশ্বকাপে দুর্দান্ত বোলিং উপহার দিয়েছেন তিনি। ৬ টা ইনিংসে তিনি নিয়েছেন ১৩ টা উইকেট।ফলে জিম্বাবোয়ের এই ক্রিকেটারও এবার গম্ভীরের দলের গুরুত্বপূর্ণ বোলার হতে চলেছেন। 

এছাড়া গত মরসুমের ধরে রাখা ক্রিকেটারদের মধ্যে তো রয়েছেনই ভারতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটার বরুন চক্রবর্তী, অজিঙ্কা রাহানে, হর্ষিত রানা, রিঙ্কু সিং,বৈভব অরোরা, অনুকূল রায়, মনীশ পান্ডেরা। এছাড়াও বিদেশীদের মধ্যে সুনীল নারিন, রভম্যান পাওয়েল সহ একাধিক তারকা। সবমিলিয়ে ২০১২, ২০১৪ ও ২০২৪ সালের আইপিএল চ্যাম্পিয়ন হওয়া নাইটদের কাছে গতবারের ব্যর্থতা ভুলে এবার আবারও একবার ছন্দে ফিরে ট্রফি জয়ের বিরাট প্রত্যাশা রয়েছে তা বলা যেতেই পারে। আগামী এক সপ্তাহের মধ্যেই কলকাতায় অনুশীলন শুরু করে দেবে নাইটরা। ফলে নতুন নাইটদের ঘিরে এখন থেকেই উন্মদনা চড়তে শুরু করেছে কেকেআর সমর্থকদের মধ্যে। 

গতবারের চ্যাম্পিয়ন আরসিবিকে ঘিরে এবারও প্রত্যাশা তুঙ্গে সমর্থকদের, একনজরে দেখুন এবারের বিরাটদের দল

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular