ময়দান আপডেট: এইবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অবশ্যই বিরাট প্রত্যাশা এবং লাইমলাইটে থাকবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তার কারণ দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৫ সালে গত বছর প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে বিরাট কোহলির আরসিবি। যদিও তারা এর আগে ২০০৯, ২০১১ ও ২০১৬ সালে তিনবার আইপিএলের ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল। তিনবার রানার্স হওয়ার পর, অবশেষে ২০২৫ সালে ট্রফি ঘরে তোলে ব্যাঙ্গালুরু। আইপিএলে গোটা দেশজুড়েই সমর্থক রয়েছেন বিরাটের দলের। ফ্যানবেসের বিচারে সিএসকে ও আরসিবির মধ্যে দেশজুড়ে সর্বদাই চলে প্রতিযোগিতা। ফলে গতবছর প্রথমবার বিরাট কোহলির হাতে আইপিএলের ট্রফি দেখে আবেগে-উচ্ছ্বাসে ফেটে পড়েন রয়্যাল চ্যালেঞ্জার্স সমর্থকরা। আর প্রথমবার ট্রফি ঘরে আসায় সমর্থকদের প্রত্যাশাও বেড়ে গিয়েছে এইবারের আইপিএলে হাজারোগুন। ব্যাঙ্গালুরুকে এবারও ফেভারিট হিসাবেই ধরছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
গতবছর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ায়, বিসিসিআই-এর নিয়ম মেনে এবার আইপিএলের উদ্বোধনী ম্যাচেই আগামী ২৮ মার্চ নিজেদের ঘরের মাঠে খেলতে নামছে বিরাট কোহলি, রজত পাতিদাররা। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের আপাতত যে আংশিক ক্রীড়াসূচি ঘোষণা করা হয়েছে সেই অনুযায়ী, আরসিবি নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ৫ এপ্রিল রবিবার ব্যাঙ্গালুরুতে নিজেদের ঘরের মাঠে ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। ১০ এপ্রিল বিরাটদের তৃতীয় ম্যাচ অ্যাওয়ে রাজস্থান রয়্যালসের হোম গুয়াহাটিতে। আর ১২ এপ্রিল রবিবার কোহলিদের চতুর্থ ম্যাচ সেটিও অ্যাওয়ে। ম্যাচটি অনুষ্ঠিত হবে রোহিত শর্মাদের বিরুদ্ধে তাঁদের ঘরের মাঠে মুম্বইয়ের ওয়াংখেড়েতে।

এবার আইপিএলের নিলামে খুব বেশি চমক না দিলেও, গতবারের একাধিক তারকা ক্রিকেটারদের ধরে রেখেই সাফল্য আবারও ছিনিয়ে নিতে মরিয়া আরসিবি। তাদের এবার দলের সঙ্গে যুক্ত হয়েছেন ৭ কোটি টাকায় কেনা ভারতীয় ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার। প্রাক্তন নাইট ভেঙ্কটেশ আইপিএলে যথেষ্ট সফল ক্রিকেটার হিসাবেই পরিচিত। পাশাপাশি ৫ কোটি ২০ লক্ষ টাকায় এবার বিরাটদের দলে জায়গা পেয়েছেন মধ্যপ্রদেশের মাত্র ২৩ বছর বয়সি তরুণ ভারতীয় বাঁ-হাতি ফাস্ট বোলার মাঙ্গেশ যাদব। বাঁ-হাতে ব্যাট হাতেও তাঁর সাফল্য রয়েছে যথেষ্ট ভালো। ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট সাফল্য দেখিয়েছেন তিনি।

পাশাপাশি উল্লেখ্য আরসিবির দলে রয়েছেন এবারের টি-২০ বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত সাফল্য দেখানো ইংল্যান্ডের ব্যাটার জেকব বেথেল। বিশ্বকাপে ৮ টি ম্যাচে তিনি করেছেন ২৮০ রান। তাঁর সর্বোচ্চ ১০৫ রানের একটি সেঞ্চুরিও রয়েছে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে। ফলে তাঁর ব্যাটিং দক্ষতা মুগ্ধ করেছে কোহলিদের। পাশাপাশি এই দলে বিরাট কোহলি, অধিনায়ক রজত পাতিদারের মতো দক্ষ ব্যাটসম্যান ছাড়াও রয়েছেন- ফিল সল্ট, অস্ট্রেলিয়ার তারকা মিডিল অর্ডার ব্যাটার টিম ডেভিড, ওয়েস্ট ইন্ডিজের বোলিং অলরাউন্ডার সহ দক্ষ ব্যাটসম্যান রোমারিও শেফার্ড, দেবদূত পাড্ডিকাল, জিতেশ শর্মা, ক্রনাল পান্ডিয়াদের মতো একাধিক তারকারা। রয়েছেন ইংল্যান্ডের তারকা উইকেটকিপার ব্যাটার জর্ডন কক্স।

রয়েছেন জশ হ্যাজেলউডের মতো কিংবদন্তি তারকা অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার। যিনি আরসিবির দলের প্রধান অস্ত্র। এছাড়াও তাঁর সঙ্গে ফাস্ট বোলিং-এ সঙ্গ দেবেন ভুবনেশ্বর কুমার, উত্তর প্রদেশের বাঁ-হাতি ফাস্ট বোলার যশ দয়াল, শ্রীলঙ্কার ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার নুয়ান তুসারা। এছাড়াও স্পিন বিভাগে রয়েছেন প্রাক্তন নাইট সূয়েশ শর্মা। সবমিলিয়ে এবার দ্বিতীয়বারের জন্য আইপিএলের ট্রফি জয় এখন একমাত্র পাখির চোখ দেবদূত পাড্ডিকালদের।
