ময়দান আপডেট: আইএসএলে পর-পর চার ম্যাচে হেরে শনিবার যুবভারতীতে ইস্টবেঙ্গলের বিপক্ষে এদিন খেলতে নামে কেরালা ব্লাস্টার্স। অন্যদিকে শেষ দুই ম্যাচে জামশেদপুরের কাছে হার এবং গোয়ার বিরুদ্ধে ড্র করে এদিন জয়ে ফেরার খোঁজে লড়াইয়ে নামে অস্কার ব্রুজোঁর দল। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে এদিন শুরু করে ইস্টবেঙ্গল। উল্লেখ্য এদিন চোট সারিয়ে লাল-হলুদের অধিনায়ক হিসাবে দলে ফেরেন সাউল ক্রেসপো। তবে এদিন দলে রাখা হয়নি অ্য়ান্টন সোজবার্গকে। আর ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক মেজাজে শুরু করে ইস্টবেঙ্গল। ৮ মিনিটে রশিদের বাড়ানো বলে এডমুন্ড শট নেন, ইউসুফ হিজ্জেজারিকে পেনাল্টি বক্সে ফাউল করেন কেরালার ২৭ নম্বর জার্সিধারি ফুটবলার আইবান। ফলে পেনাল্টির সুযোগ পেয়ে যায় ইস্টবেঙ্গল। ১০ মিনিটে পেনাল্টিতে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ইউসুফ হিজ্জেজারি। ফলাফল হয়ে যায় ১-০। একইসঙ্গে চলতি আইএসএলে নিজের পঞ্চম গোল তুলে নিলেন হিজ্জেজারি। প্রথম দুই ম্যাচে ২ টি করে গোল করেছিলেন তিনি। তবে খেলার ১৮ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন সাউল ক্রেসপো।
এরপর দেখা যায় কেরালার ফ্রান্সের বিদেশী ফুটবলার কেভিন ইয়োকে বেশ কয়েকটা গোলের সুযোগ তৈরি করে কিছুটা চাপ বাড়ানোর কৌশল নেন। যদিও গোল আসেনি। পাশাপাশি দেখা যায় প্রথমার্ধের ৪৪ মিনিটে কেরালার সেনেগালের বিদেশী ফুটবলার ফালাউ একদম পোস্টের সামনে থেকে একটা সহজ গোলের সুযোগ নষ্ট করেন। প্রথমার্ধের একদম শেষে ইস্টবেঙ্গলের হয়ে একটি গোলের সুযোগ নষ্ট করেন মহম্মদ রশিদ। ফলে খেলার প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে।
