ময়দান আপডেট: এনসিসি ও সম্বরণ ক্রিকেট অ্যাকাডেমির উদ্যোগে আয়োজিত এনসিসি বেবি লিগ ২০২৬ এর চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ আয়োজিত হয়ে গেল রবিবার। এদিন সম্বরণ অ্যাকাডেমির মাঠে তিনটি কোয়ার্টার ফাইনাল এবং রাজস্থান মাঠে একটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। চারটি ম্যাচেই বেশ টানটান উত্তেজনাপূর্ণ লড়াই ছিল ছোট-ছোট ক্রিকেটারদের তা বলা যেতেই পারে। এদিন প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে সম্বরণ মাঠে মুখোমুখি হয়েছিল পল্লীশ্রী ক্রিকেট কোচিং ক্যাম্প ও দেবেশ চক্রবর্তী ক্রিকেট অ্যাকাডেমি। এই ম্যাচে প্রথম ব্যাট করে পল্লীশ্রী তোলে ১ উইকেটে ১১৫ রান। জবাবে ব্যাট করতে নেমে দেবেশ চক্রবর্তী ক্রিকেট অ্যাকাডেমি তোলে ১০ ওভারে ৫ উইকেটে ৮২ রান। ফলে প্রথম কোয়ার্টার ফাইনালে দেবেশ চক্রবর্তী ক্রিকেট অ্যাকাডেমিকে ৩৩ রানে হারিয়ে জয়ী পল্লীশ্রী ক্রিকেট কোচিং ক্যাম্প । সেমিফাইনালে জায়গা করে নিল তারা। ম্যাচের সেরা শৌভিক ঘোষ। শৌভিক করে ৩৪ বলে ৫৯ রান।

এদিন দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে সম্বরণ মাঠে মুখোমুখি হয় পাটুলি ক্রিকেট অ্যাকাডেমি ও স্পোর্টস জোন। এই ম্যাচে প্রথম ব্যাট করে স্পোর্টস জোন তোলে ৪ উইকেটে ৯৬ রান। জবাবে পাটুলি ক্রিকেট অ্যাকাডেমি করে ২ উইকেটে ১০০ রান। লাস্ট বল পর্যন্ত থ্রিলারে ভরা লড়াইয়ে ম্যাচ জিতে নেয় পাটুলি ক্রিকেট অ্যাকাডেমি। ৮ উইকেটে স্পোর্টস জোনকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল পাটুলি ক্রিকেট অ্যাকাডেমি। ৩৩ বলে ৬৬ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরা হয় অভ্রজিৎ বিশ্বাস। এই টুর্নামেন্টে তাদের তিন ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ হয়ে নয়া নজির গড়ল অভ্রজিৎ।

এরপর দুপুরে সম্বরণ মাঠে তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে খেলতে নামে অশোক মালহোত্রা ক্রিকেট অ্যাকাডেমি ও জগাছা থানা। আর এই ম্যাচে প্রথম ব্যাট করে জগাছা তোলে ১ উইকেটে ১০১ রান। পরে ব্যাট করতে নেমে অশোক মালহোত্রা ক্রিকেট অ্যাকাডেমি ১০ ওভারে তোলে ৬ উইকেটে ৬১ রান। অশোক মালহোত্রা ক্রিকেট অ্যাকাডেমিকে ৪০ টানে হারিয়ে জিতে সেমিফাইনালে চলে গেল জগাছা থানা। ম্যান অফ দ্যা ম্যাচ খুশনাওয়ার আহমেদ মল্লিক। ২৮ রান করেন ও ২ উইকেট নেয়।

দিনের চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ রাজস্থান মাঠে অনুষ্ঠিত হয়। মুখোমুখি হয়েছিল RDMP ও বিক্রম ক্রিকেট অ্যাকাডেমি। আর এই ম্যাচে প্রথম ব্যাট করে বিক্রম ক্রিকেট অ্যাকাডেমি তোলে ৭ উইকেটে ৫৭ রান। RDMP করে ৩ উইকেটে ৫৫ রান। ২ রানে হারিয়ে জয়ী বিক্রম ক্রিকেট অ্যাকাডেমি। ম্যাচের সেরা হয় অদ্রিত ঘোষ। ২ ওভারে ছয় রান দিয়ে এক উইকেট নেয় অদ্রিত। ফলে সেমিফাইনালে পৌঁছে গেল বিক্রম ক্রিকেট অ্যাকাডেমি।

উল্লেখ্য মঙ্গলবার ২৪ তারিখ সম্বরণ মাঠে আয়োজিত হবে দুটি সেমিফাইনাল ম্যাচ।
