প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি
ময়দান আপডেট : বিশ্ব ফুটবলের সফলতম ও জনপ্রিয় দল ব্রাজিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় পা রাখতে চলেছে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (CBF)-এর আন্তর্জাতিক ঘোষিত সূচি অনুযায়ী, সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে অস্ট্রেলিয়া সফরে সেলেসাওরা স্বাগতিকদের মুখোমুখি হবে দুটি ম্যাচে। প্রথমটি ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং দ্বিতীয়টি ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে। এর পরপরই অক্টোবরের প্রথম সপ্তাহে ফিফার নতুন ঘোষিত ‘সুপার ডে’ উইন্ডো কাজে লাগিয়ে ভারতের ফুটবলের মক্কা কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

প্রতিপক্ষ হিসেবে একাধিক দেশের নাম বিবেচনায় থাকলেও, ভারতের ক্রীড়ামোদী দর্শকদের অভূতপূর্ব উৎসাহ ও উন্মাদনা নিশ্চিত করতেই ব্রাজিলের ঐতিহাসিক ম্যাচটির স্থান হিসেবে সল্টলেক স্টেডিয়ামকে নিশ্চিত করা হয়েছে। কলকাতার এই ঐতিহ্যবাহী যুবভারতী ক্রীড়াঙ্গন ইতিপূর্বেও বিশ্বফুটবলের বহু স্মরণীয় ইতিহাসের প্রাঙ্গণ হিসেবে নিজেকে প্রমাণ করেছে।

যেখানে ২০১১ সালে মহাতারকা লিওনেল মেসির অধিনায়কত্বে ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলে গিয়েছিল শক্তিশালী আর্জেন্টিনা এবং ২০০৮ সালে বায়ার্ন মিউনিখের হয়ে মোহনবাগানের বিপক্ষে লড়াই করে নিজের ফুটবল ক্যারিয়ারের শেষ পেশাদার ম্যাচটি খেলেছিলেন জার্মান কিংবদন্তি অলিভার কান। এবার যুবভারতী সাক্ষী হতে চলেছে নেইমারদের সাম্বা ছন্দের। এই পদচারণা কেবল কলকাতার বুকেই নয়, বরং পুরো ভারতের ক্রীড়া ইতিহাসে এক স্বর্ণোজ্জ্বল অধ্যায় হিসেবে রচিত হতে চলেছে। এবার দেখার বিষয় ফুটবলের রাজপুত্র নেইমার কি আসতে চলেছেন?

