প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি
ময়দান আপডেট : দুই দশকেরও বেশি সময় ধরে ভারতীয় ফুটবলের মূল কাণ্ডারী সুনীল ছেত্রী। দেশের ফুটবলের প্রসারে তাঁর অবদান অবিস্মরণীয়। সম্প্রতি ব্রাজিল ও উরুগুয়ের মতো বিশ্বসেরা দলগুলোর মুখোমুখি হওয়ার সুযোগ পাচ্ছে ভারত। বর্তমান তরুণ প্রজন্মের এই ঐতিহাসিক সুযোগ দেখে আবেগাপ্লুত প্রাক্তন অধিনায়ক। একজন ভক্ত হিসেবে খেলা দেখার আনন্দ থাকলেও, কিছুটা ইর্ষাও অনুভব করছেন তিনি। ছেত্রী জানান, দীর্ঘ ২৪-২৬ বছরের পেশাদার ক্যারিয়ার এবং প্রায় ২০ বছরের জাতীয় দলের সফরে তিনি এমন মহৎ সুযোগ পাননি।
তাই তিনি চান তরুণ ফুটবলাররা ফিট থেকে নিজেদের সেরাটা বিলিয়ে দিক। দল নির্বাচন ও খেলোয়াড় বাদ পড়া নিয়ে তৈরি হওয়া বিতর্কে তিনি স্পষ্ট জানান, কোচের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। দলের প্রয়োজন কোচই সবচেয়ে ভালো বোঝেন। মাঠে ফেরার প্রসঙ্গে ৪২ বছর বয়সী এই কিংবদন্তি হেসে বলেন, সামান্য অনুশীলন করতেই তাঁর বেশ কষ্ট হচ্ছে। তবে তরুণদের ওপর তাঁর অগাধ বিশ্বাস রয়েছে। তিনি মনে করেন, এটি নতুনদের জ্বলে ওঠার সঠিক সময়।
যেভাবে ২০ বছর আগে তিনি নিজে সুযোগ পেয়েছিলেন, তেমনই আজকের তরুণদেরও এগিয়ে যেতে হবে। ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে এই ম্যাচগুলো ভারতীয় ফুটবলের মানচিত্রে এক নতুন যুগের সূচনা করবে বলেই ছেত্রীর বিশ্বাস।
