প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি
ময়দান আপডেট : উজবেকিস্তানের তাশখন্দের দোস্তলিক স্টেডিয়ামে, এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের গ্রুপ বি-র উদ্বোধনী ম্যাচে শক্তিশালী সিরিয়াকে ১-০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করলো ভারত। প্রথমার্ধ থেকেই প্রতিপক্ষের একের পর এক আক্রমণ সামলে রক্ষণভাগ অটুট রাখেন ভারতীয় অনূর্ধ্ব-২০ দলের ফুটবলাররা। বিশেষ করে গোলরক্ষক সুরজ সিং অহৈবাম একের পর এক অসাধারণ সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। সিরিয়ার অ্যালান মামো, আব্দুর রহমান আল সারাজদের আক্রমণ ও আহমদ খালাফের হেডার পোস্টে প্রতিহত হওয়ার পর, ম্যাচের শেষলগ্নে কৌশলগত পরিবর্তন আনেন ভারতীয় কোচ মহেশ গাউলি।
৭৯তম মিনিটে বদলি হিসেবে নামা মোহাম্মদ আরবাশ ও সামি সিঙ্গামায়ুমের জুটিতে তৈরি হয় জয়ের স্বর্ণালী সুযোগ। ৮৬তম মিনিটে সিরিয়ান রক্ষণের ভুলের সুযোগ নিয়ে আরবাশের বাড়ানো পাস থেকে চমৎকার বাঁ-পায়ের শটে বল জালে জড়িয়ে ভারতের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন সামি। অনূর্ধ্ব-১৯ বা অনূর্ধ্ব-২০ স্তরে সিরিয়ার বিরুদ্ধে ভারতের এই প্রথম প্রতিযোগিতামূলক জয়ের পাশাপাশি টানা পাঁচটি ম্যাচে ক্লিনশিট বজায় রাখার কৃতিত্ব অর্জন করলো এই তরুণ ব্রিগেড, যারা আগামী ৩ সেপ্টেম্বর নিজেদের পরবর্তী ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের মুখোমুখি হবে।
