প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি
ময়দান আপডেট : এশিয়ান গেমস ২০২৬ এর শুরু থেকেই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে এগিয়ে চলছিলো ভারত। প্রথম দু’দিনে চারটি রূপো এলেও অধরা ছিল সোনা। অবশেষে দেশকে চলতি গেমসের প্রথম স্বর্ণপদক এনে দিলেন হরমনপ্রীত কউররা।
ফাইনালে শ্রীলঙ্কাকে পুরোপুরি বিধ্বস্ত করে খেতাব ধরে রাখল ভারত। করোগি স্পোর্টস পার্কে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। বড় ম্যাচে ওপেন করতে নামেন স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। ১০ ওভারেই ৯৯ রানের দুর্দান্ত জুটি গড়েন তাঁরা। আগ্রাসী খেলতে গিয়ে ৪৮ রানে আউট হন শেফালি। স্মৃতি করেন ৪৫ বলে ৭৯ রান। শেষ দিকে বঙ্গকন্যা রিচা ঘোষের ২২ বলে ৪৯ রানের ঝোড়ো ক্যামিও ইনিংস ভারতকে ২০০ রানের গণ্ডি পার করায়।
শ্রীলঙ্কার সামনে ২১৬ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য রাখে ভারত। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাকফুটে চলে যায় লঙ্কা ব্রিগেড। অধিনায়ক চামারি আতাপাত্তু ২৯ রান করে ফিরতেই ধস নামে ব্যাটিং লাইনে। ভারতীয় স্পিনারদের দাপটে দিশেহারা হয়ে পড়ে শ্রীলঙ্কা। দলের কোনো ব্যাটারই ১৫ রানের বেশি করতে পারেননি। মাত্র ৬৯ রানে গুটিয়ে যায় তারা। দীপ্তি শর্মা ৩টি উইকেট নেন। জোড়া উইকেট পান শেফালি, শ্রী চরণী ও শ্রেয়াঙ্কা পাটিল। অনায়াস জয়ে সোনা ধরে রাখে উইমেন ইন ব্লু।
অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে পাকিস্তান। তবে গেমসের তৃতীয় দিনে অন্যান্য খেলায় ভারতের মিশ্র ফল দেখা গিয়েছে। ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে শুটাররা চতুর্থ স্থানে শেষ করেন। ব্যাডমিন্টনে পিভি সিন্ধু হারায় মহিলাদের টিম ইভেন্ট থেকেও ছিটকে গিয়েছে ভারত। ধাক্কা এসেছে টেবিল টেনিসেও। তবে বক্সিং, কবাডি এবং পুরুষদের ব্যাডমিন্টনে এখনও আশার আলো বজায় রেখেছেন ভারতীয় অ্যাথলিটরা।
