ময়দান আপডেট : গোয়া সফর থেকে কলকাতা বিমানবন্দরে নামার সময়েই ছবিটা প্রায় স্পষ্ট হয়ে গিয়েছিল, আর হয়তো মোহনবাগানের বেঞ্চে দেখা যাবে না হেড কোচের পদে হোসে মোলিনাকে। কারণ গোয়াতে সুপার কাপে মোহনবাগান সুপার জায়ান্টসের চূড়ান্ত ব্যর্থতা মোটেও ভালো ভাবে নিতে পারেননি সবুজ-মেরুন সমর্থকরা। তার উপর ডার্বিতে ফাতোরদা স্টেডিয়ামে গোলশূন্য ম্যাচ শেষ করার পর সাংবাদিক সম্মেলনে সরাসরি মোহনবাগান ম্যানেজমেন্টের ঘাড়ে দোষ চাপিয়ে মোলিনা বলেন, প্লেয়ার তাঁর পছন্দ মতো নিতে দেয়নি ম্যানেজমেন্ট। সেই বিষয়টাও ভালো ভাবে গ্রহণ করেননি সঞ্জীব গোয়েঙ্কারা। অন্যদিকে মোহনবাগান ক্লাবের কর্মকর্তারা পাল্টা মোলিনার বিরুদ্ধে তোপ দেগে বলেন, ডেম্পোর বিরুদ্ধে কেন এত খারাপ দল নির্বাচন করলেন মোলিনা? যে ম্যাচ থেকে নিশ্চিত ভাবে ৩ পয়েন্ট আসলে সুপার কাপের সেমিফাইনালে টিকে থাকতে পারত মোহনবাগান। পাশাপাশি মোলিনার দল নির্বাচন থেকে ম্যাচ চলাকালীন প্লেয়ার পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েও একাধিকবার প্রশ্ন তুলেছেন মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে শুরু করে সদস্য-সমর্থকরা।

ফলে ডার্বির পর মোহনবাগানের আপাতত কোনও ম্যাচ না থাকায় দলের সমস্ত বিদেশীরা দেশে ফিরে যান, অথচ মোলিনা পরের দিন বিমানে কেন কলকাতা আসছেন ? সেই দৃশ্য কিছুটা অবাক করেছিল সংবাদ মাধ্যমকে। এমনকি গোয়া বিমানবন্দরে দেখা যায় মোলিনা একাই তাঁর স্ত্রীকে নিয়ে মনমরা হয়ে বসে আছেন। অথচ দলের ফুটবলার শুভাশিস, মনবীর,কিয়ান, দীপেন্দুরা আলাদা আলাদা ভাবে বসে। এমনকি কোচের উপর যে মোটেও খুশি নন তা স্পষ্ট বোঝা গিয়েছিল শুভাশিস ও মনবীরের কথা থেকে। সূত্রের খবর সম্ভবত কোচকে কলকাতায় ডেকে পাঠিয়েছিলেন সুপার জায়ান্টস ম্যানেজমেন্ট, সুপার কাপের ব্যর্থতার বিষয়ে আলোচনা করতে। মোলিনার সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্টের আলোচনার পরেই বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় যে মোহনবাগানের কোচের পদ থেকে সরানো হচ্ছে এই স্প্যানিস কোচকে। তাঁর বিকল্প হিসেবে ওড়িশা এফসির দায়িত্বে থাকা ভারতীয় ফুটবলে দীর্ঘদিন কাজ করা আর এক স্প্যানিস কোচ সার্জিও লোবেরাকে মোহনবাগান দায়িত্ব দিতে চলেছে।

মোলিনাকে বিদায় জানালেও মোলিনার কৃতিত্বও অস্বীকার করার উপায় নেই। কারণ মোলিনার হাত ধরেই মোহনবাগান একই মরসুমে আইএসএল শিল্ড ও ট্রফি জিতেছে। তবে সাম্প্রতি ডুরান্ড কাপ থেকে সুপার কাপের ব্যর্থতা মোটেও ভালো ভাবে নেন নি সমর্থকরা। অন্যদিকে যেমনটা খবর কয়েকদিন মোহনবাগান অনুশীলন বন্ধ থাকলেও, আগামী রবিবার থেকেই নতুন কোচ সার্জিও লোবেরার নেতৃত্বে অনুশীলন শুরু করে দেবে মোহনবাগানের ফুটবলাররা। উল্লেখ্য় আইএসএলে এর আগে মুম্বই সিটি এফসি ও ওড়িশা এফসির দায়িত্ব সামলেছেন লোবেরা। মুম্বইকে একই মরসুমে আইএসএল লিগ-শিল্ড ও কাপ জিতিয়েছেন তিনি। ফলে ভারতীয় ফুটবলের অভিজ্ঞতা তাঁর আছে। কিন্তু এখন প্রশ্ন হল আইএসএল কবে শুরু হবে! পরবর্তী কোন টুনামেন্টের জন্য মোহনবাগান প্রস্তুতি সারবে? সেটাই সবথেকে বড় ধোঁয়াশা।
মোহনবাগানের চুক্তিতে সই করার পর এমবিএসজি মিডিয়া টিমকে সার্জিও বলেন, ‘‘মোহনবাগান সুপার জায়ান্টে দায়িত্ব নেওয়া আমার কাছে বিরাট সম্মানের। এই ক্লাবের অনেক ইতিহাস রয়েছে, রয়েছে আবেগ আর উচ্চাকাঙ্ক্ষা। আমি প্রতিশ্রুতিবদ্ধ এমন একটি দল গড়ে তুলতে, যারা খেলবে সাহসিকতা, নিজস্ব পরিচয় এবং জয়ের মানসিকতা নিয়ে। আমরা একসঙ্গে কাজ করব, যাতে এই অধ্যায় হয়ে ওঠে অবিস্মরণীয়।’’একই সঙ্গে তিনি বলেছেন, ‘‘এই দলে আছে প্রতিভা আর হৃদয়ের শক্তি, যা ভারতীয় ফুটবলে আধিপত্য বিস্তার করতে সক্ষম। আমি এখানে এসেছি সেই সম্ভাবনাকে আরও উচ্চতায় তুলে নিয়ে যেতে। মোহনবাগান শীর্ষে থাকার যোগ্য, আর আমরা প্রতিদিন কাজ করব সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে।’’
