Saturday, October 17, 2026
Homeফুটবলদেশ- বিদেশের ফুটবলকিশোরভারতীতে দ্বিতীয় ম্যাচে রাশিয়ার কাছে ৮-০ গোলে বিপর্যস্ত ভারত

কিশোরভারতীতে দ্বিতীয় ম্যাচে রাশিয়ার কাছে ৮-০ গোলে বিপর্যস্ত ভারত

রাশিয়ার কাছে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বিরতির আগেই ৫ গোল হজম, কোনো উত্তর খুঁজে পেল না ক্রিসপিন ছেত্রীর ভারতীয় দল।

প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি 

ময়দান আপডেট : গত ৮ই অক্টোবর রাশিয়ার কাছে ৪-০ গোলে হারের পর, ১১ই অক্টোবর কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আবারও রাশিয়ার মুখোমুখি হয় ভারত। আগের ম্যাচের ভুলত্রুটি শুধরে এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করেছিলো ভারতীয় মহিলা দল। তবে ডিফেন্সের ভুল এবং রাশিয়ান খেলোয়াড়দের শারীরিকভাবে এগিয়ে থাকা ও উচ্চতার সুবিধার কাছে ভারতকে বেশ কিছুটা পিছিয়ে পড়তে হয়। ম্যাচের শুরু থেকেই অল্পবিস্তর দাপট দেখালেও প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৫টি গোল হজম করে ফেলে ভারত। ম্যাচের ২১ মিনিটে বামদিক থেকে ভেসে আসা একটি ক্রস আটকাতে গেলে বল ভারতের গোলরক্ষক মোনালিসার হাতে লেগে চলে যায় দারিনা ইশমুখামেতোভার কাছে, সেই সুযোগ কাজে লাগিয়ে বল জালে জড়িয়ে রাশিয়াকে ১-০ গোলে এগিয়ে দেন তিনি। এর ঠিক চার মিনিট পর, অর্থাৎ ২৫ মিনিটে বক্সের অনেকটা বাইরে থেকে দুজন ভারতীয় ফুটবলারকে কাটিয়ে দুর্দান্ত এক দূরপাল্লার শটে মারিন আচৈয়ান রাশিয়াকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন। ২৯ মিনিটে আবারও ভারতীয় রক্ষণে ফাটল ধরে এবং ডানদিকে বল পেয়ে যান ডায়ানা কিষমাখোভা, যিনি একটু এগিয়ে গিয়ে নিখুঁত শটে দলীয় স্কোর ৩-০ করেন। ৪০ মিনিটে রাশিয়ার কিরা একা বল নিয়ে ভারতীয় বক্সে ঢুকে পড়লে তাকে আটকাতে গিয়ে ফাউল করে বসেন জুলি কিষান। ফলে পেনাল্টি পায় রাশিয়া এবং ৪১ মিনিটে পেনাল্টি থেকে মোনালিসাকে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোল তুলে নেন দারিনা ইশমুখামেতোভা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+১ মিনিট) দারুণ ভারসাম্য বজায় রেখে ভারতীয় ডিফেন্ডারদের কাটিয়ে একক দক্ষতায় চমৎকার গোল করেন মারিন আচৈয়ান, যার ফলে রাশিয়া ৫-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই ভারতীয় দলে কিছু পরিবর্তন আনা হয় এবং মোনালিসার পরিবর্তে জাতীয় দলের জার্সিতে অভিষেক ঘটে নন্দিনীর। তবে তাতেও ম্যাচের ভাগ্য বদলায়নি। ৫০ মিনিটে একটি ভুল পাস থেকে আক্রমণ তুলে নিয়ে নতুন নামা নাতালিয়া মাসহিনা স্কোরলাইন ৬-০ করেন। ঠিক এক মিনিট পর ৫১ মিনিটে, আবারও ভারতীয় ডিফেন্সের সেই একই ভুলের সুযোগ নিয়ে বক্সের মধ্যে অরক্ষিত বল পেয়ে নিজের দ্বিতীয় ও দলের সপ্তম গোলটি করেন নাতালিয়া। ম্যাচের ৭৪ মিনিটে বক্সের বাইরে থেকে বল পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে এলিজাভেদা দুর্দান্ত এক শটে বল জালে জড়িয়ে রাশিয়াকে ৮-০ গোলে এগিয়ে দেন। পুরো ম্যাচ জুড়েই ভারত বেশ কয়েকটি আক্রমণ সাজিয়ে গোলের মুখ খোলার আপ্রাণ চেষ্টা করলেও রাশিয়ার শক্ত প্রতিরোধের সামনে তারা কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular