ময়দান আপডেট: ইডেনের পর গুয়াহাটি, পর-পর দুই টেস্টে ভারতের চূড়ান্ত লজ্জার হার। তারপর থেকেই উত্তাল স্যোশাল মিডিয়া। কোচ গম্ভীরের সরাসরি পদত্যাগের দাবিও জানিয়েছেন বহু প্রাক্তন ক্রিকেটার থেকে ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু এখন প্রশ্ন হল সত্যিই কি ভারতীয় ক্রিকেটে গম্ভীর যুগের অবসান ঘটতে চলেছে ? তবে সূত্রের খবর এত হঠকারি ভাবে দুই টেস্টের ব্যর্থতার জন্য গম্ভীরকে এখনই কোচের পদ থেকে সরানোর ভাবনা নেই বিসিসিআই এর। তবে গম্ভীর যে ভাবে দুই টেস্টে দলের ব্যর্থতার পরেও নিজের ঘাড়ে দোষ না নিয়ে, প্লেয়ারদের কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করেছেন তা খুব একটা ভালো ভাবে নেয় নি বোর্ড। যেমন ইডেন ম্যাচের পর গম্ভীর সাংবাদিক সম্মেলনে এসে জানান, আমাদের পছন্দ মতো উইকেট দেওয়া হয়েছিল। ভালো উইকেট। তবে উইকেট যেমনই থাকুক না কেন, ১২৪ রান তাড়া করা সম্ভব ছিল। এই ধরনের উইকেটে মানসিক দৃঢ়তার প্রয়োজন হয়। গম্ভীরের বক্তব্য শুনে অখুশি বোর্ড। পাশাপাশি গুয়াহাটি টেস্টেও ব্যর্থতার পর সাংবাদিক সম্মেলনে এসে নিজের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো, এশিয়া কাপ জেতানো কিংবা ইংল্যান্ডে টেস্ট ড্র করার প্রসঙ্গ তুলে গুয়াহাটিতে ব্যর্থতার কারণ দায় ঢাকার চেষ্টা করেন। তাই গম্ভীরে খুশি নন বোর্ডের সচিব দেবজিৎ শাইকীয়া।

যদিও বোর্ডের সচিব দেবজিৎ শাইকীয়া জানিয়েছেন এখনই গম্ভীরকে নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে চান না তাঁরা। হার-জিত খেলার অঙ্গ। কয়েকটা ম্যাচ দেখে কিছু বদল করতে চাই না। যদি সত্যিই বদলের দরকার পড়ে, তা হলে সেটা নির্দিষ্ট সময়ের পরেই নেব।” আপাতত ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ পর্যন্ত ভারতের কোচের দায়িত্ব রয়েছে গম্ভীরের হাতে। নির্দিষ্ট সময় বলতে হয়তো সেটাই বোঝাতে চেয়েছেন শইকীয়া। তবে সূত্রের খবর আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতের ফলাফল খারাপ হলে গম্ভীরের মাথার উপর মেন্টর হিসাবে দায়িত্ব দেওয়া হতে পারে কোন প্রাক্তন তারকা ভারতীয় ক্রিকেটারকে। সেই দৌড়ে বিশেষ ভাবে উঠে আসতে পারে ভিভিএস লক্ষ্ণণের নাম। এছাড়াও সেই তালিকায় ঘোরাফেরা করছে প্রাক্তন আরও বেশ কিছু প্রাক্তন তারকা ক্রিকেটারের নাম। তবে গম্ভীরকে সতর্ক বার্তা যে দেওয়া হয়েছে বোর্ডের বৈঠকে তা একেবারেই স্পষ্ট।

