রবিবার মাহির ঘরে প্রোটিয়া মহারণে রো-কো জুটি, কারা থাকছেন দলে?

রবিবারের প্রথম একাদশ ঘিরে জল্পনা

0
102

 

ময়দান আপডেট: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে ভরাডুবির পর এবার সাদা বলের ক্রিকেটে রবিবার ধোনির ঘরের মাঠে প্রোটিয়া মহারণে নামছে ভারতীয় দল। টেস্ট সিরিজের দগদগে ক্ষত এত সহজে যে লাঘব হবে না তা বেশ জানেন কোচ গৌতম গম্ভীর থেকে ভারতীয় দল নির্বাচকরা। তবে দর্শকদের ক্ষোভকে কিছুটা প্রশমিত করাই এখন লক্ষ্য ভারতীয় টিম ম্যানেজমেন্টের। আর গুরু গম্ভীর ভারতীয় দলের পরিবেশে কিছুটা শীতলতার ছোঁয়া আনতে পারে ক্রাইসিস ম্যানেজার হিসাবে রো-কো জুটি! সেটা বেশ জানেন বিসিসিআই কর্তারা। তাই রাঁচিতে ভারতীয় দলের অনুশীলনে ড্রেসিংরুমের পরিবেশ হালকা করতে বেশ চনমনে মেজাজে হাসিঠাট্টা করতে দেখা যাচ্ছে বিরাট-রোহিত-পন্থদের। ন’মাস পর দেশের মাটিতে এক দিনের সিরিজ খেলতে নামছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ফলে দীর্ঘদিনের বিরতির পর তাঁরা নিজেদের কতটা মেলে ধরতে পারেন সেই দিকে অবশ্যই নজর থাকবে সমর্থকদের।

রোহিত ও কোহলির অনুশীলনের একটি ভিডিয়ো প্রকাশ করেছে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থা। সেখানে দেখা যাচ্ছে, রাঁচীর মাঠে অনুশীলন করছেন দুই তারকা। কোহলির পরনে ভারতের অনুশীলন জার্সি। রোহিত পরেছেন কালো টি-শার্ট। নেটে পাশাপাশি দীর্ঘ সময় ধরে ব্যাট করেন তাঁরা। সব রকম শট খেলতে দেখা যায় তাঁদের। রোহিত বেশ কয়েকটি ছক্কাও মারেন। তবে কোহলি মাটিঘেঁষা শটই খেলছিলেন। তবে এখন সবথেকে বড় প্রশ্ন ওয়াশিংটন সুন্দর নাকি নীতীশ কুমার রেড্ডি কে খেলবেন রবিবার প্রথম একাদশে। পাশাপাশি কেএল রাহুল অধিনায়ক সঙ্গে উইকেটরক্ষকের ভূমিকা পালন করলে ঋষভ পন্থের কি জায়গা হবে সেটাও প্রশ্ন উঠছে। তবে ঋতুরাজ গায়কোয়াড পুরোদমে নেটে ব্যাটিং করছেন ফলে এটা পরিস্কার যে দলে ঋতুরাজের খেলা নিশ্চিত।

তবে রবিবারের প্রথম একাদশ কি হবে তা এখনই স্পষ্ট করা সম্ভব না হলেও, যেমন অনুমান করা যাচ্ছে ওপেনিং করবেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। তিন নম্বরে বিরাট কোহলি। চার নম্বরে সম্ভবত তিলক বর্মা অথবা ঋতুরাজ। পাঁচ নম্বরে অধিনায়ক কেএল রাহুল। ছয় নম্বরে দেখা যেতে পারে নীতীশ কুমার রেড্ডিকে। সাতে ওয়াশিংটন সুন্দরকে। আট নম্বরে রবীন্দ্র জাদেজা। আর শেষ তিন অর্থাৎ বোলিং বিভাগে থাকছেন আর্শদীপ সিং, কুলদীপ, হর্ষিত রানা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here