ময়দান আপডেট: টেস্ট ক্রিকেটে ভারতের চূড়ান্ত ব্যর্থতার পর, দলের সিনিয়র ক্রিকেটারদের কেন দ্রুত অবসর নিতে হয়েছিল ? সেই প্রশ্ন জোরাল হয়ে সামনে এসেছে। স্যোশাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যমের এই প্রশ্নের সম্মুখহীন হতে হচ্ছে গৌতম গম্ভীরকে। আর তার পরেই সূত্র মারফৎ গুঞ্জন শোনা যাচ্ছে ভারতীয় দলের অন্দরেই নাকি বোর্ড কর্তারা আলোচনা করছেন বিরাট কোহলিকে রির্টারমেন্ট ভঙ্গ করে টেস্ট ক্রিকেটে ফেরানোর আর্জি জানান হবে। তবে তা যদি হয় তাহলে বলতে হবে একেই বলে ‘বিলম্বিত বোধোদয়। ‘

তবে আপাতত ভারতের সামনে টেস্ট সিরিজ অনেক দূরে আছে। তাই এখন মূলত ফোকাস প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে ও টি-২০ সিরিজের দিকে। কিন্তু এখন সেখানেও চিন্তার কারণ ভারতীয় ওয়ানডে দলের অধিনায়ক শুভমান গিল ও সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ারের চোট। তাই একদিনের সিরিজে দলকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। তবে তারই মধ্যে কিছুটা সুখবর অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন শুভমান। ফলে মনে করা হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে দেখা যাবে গিলকে। কিন্তু শ্রেয়স আইয়ার ইনজুরি সারিয়ে রিহ্যাব শুরু করলেও, সূত্রের খবর শ্রেয়সের মাঠে ফিরতে এখনও বেশ কিছু সপ্তাহ সময় লেগে যেতে পারে।

তবে টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নি মর্কেল জানান “ দু’দিন আগেই শুভমানের সঙ্গে কথা হয়েছে। ও যে দ্রুত সুস্থ হয়ে উঠছে, সেটা শুনে ভালো লাগছে। শ্রেয়সও রিহ্যাব শুরু করেছে। এটাও দারুণ খবর। আমরা তো অপেক্ষাই করছি দলে ওদের স্বাগত জানাব বলে। ভালো দিক হল, ওরা সুস্থ হয়ে উঠছে। দলে ফিরে আসার জন্য প্রস্তুতিও শুরু করছে।” জানা গিয়েছে, শ্রেয়সের রিহ্যাব কিছুটা সময়সাপেক্ষ। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিনি অনিশ্চিত। তবে এখন ভারতীয় দলের প্রধান লক্ষ্য আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে সম্পূর্ণ সুস্থ করে মাঠে ফেরানো শুভমান ও শ্রেয়সকে। পাশাপাশি ভারতীয় দলের বোলিং কোচ মনি মর্কেল বিরাট-রোহিতের প্রসঙ্গে বলেন, একটা সময় ওদের সামনে বল করতে হবে ভেবে রাতের ঘুম উড়ে যেত। ওরা অবিশ্বাস্য প্রতিভাবান ক্রিকেটার। তাই যতদিন খেলতে চায় ওদের সব ধরনের ক্রিকেটে খেলতে দেওয়া উচিত। এমনকি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপেও রো-কো জুটিকে দেখা যেতে পারে সেই ইঙ্গিতও দিয়ে রেখেছেন প্রাক্তন প্রোটিয়ান ফাস্ট বোলার তথা ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল।

