সৌরভ রায় ও সৌম্য দাস
ময়দান আপডেট: বাংলার প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনতে বিশেষ ভাবে উদ্যোগী National Cricket Club (NCC)। যে সমস্ত ক্রিকেটাররা সিএবির নথিভুক্ত নয় সেই সমস্ত জেলার খেলোয়ারদের ক্রিকেটের মূল স্রোতে নিয়ে আসতে, প্রত্যেক বছর বিভিন্ন ধরনের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে থাকে এনসিসি। বয়স ভিত্তিক ছেলে ও মেয়েদের নিয়ে বিভিন্ন ফরম্যাটে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আর রবিবার অশোকনগরের গোল মাঠে শুরু হল এই বছরের এনসিসির প্রথম ক্রিকেট টুর্নামেন্ট। অনাড়ম্বর ভাবে শুরু হলেও, নিয়ম-শৃঙ্খলা মেনে এদিন মহিলাদের জোড়া ক্রিকেট টুর্নামেন্ট দিয়ে মরসুমের সূচনা করা হল। রবিবার সকালে ক্রিকেট দর্পনের উদ্যোগে চন্দ্রলেখা ডালমিয়া অনুর্দ্ধ ১৬ মহিলাদের টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। প্রবাদ-প্রতীম ক্রিকেট প্রশাসক জগমোহন ডালমিয়ার স্ত্রী চন্দ্রলেখা ডালমিয়ার নামাঙ্কিত এই টুর্নামেন্ট দীর্ঘদিন ধরে করে আসছে ক্রিকেট দর্পণ। এদিন প্রথম ম্যাচে বিক্রম ক্রিকেট অ্যাকাডেমি টস জিতে RCSC বারুইপুরের বিরুদ্ধে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। RCSC প্রথম ব্যাট করে ৫ উইকেটে তোলে ১৪২ রান। অন্বেষা নস্কর করেন ৪৬ রান। জবাবে ব্যাট করতে নেমে বিক্রম ক্রিকেট অ্যাকাডেমি ২০ ওভারে ৭ উইকেটে তোলে মাত্র ৬২ রান। ফলে এদিন প্রায় একতরফা ম্যাচে RCSC ৮০ রানে জয় লাভ করে। ম্যাচের সেরা হন অন্বেষা নস্কর। তার হাতে সার্টিফিকেট তুলে দেন ক্রিকেট দর্পনের প্রতিষ্ঠাতা জয়দেব ভট্টাচার্য এবং সভাপতি সুপর্ণা ভট্টাচার্য।

পাশাপাশি এদিন দুপুরে এই মাঠেই অনুষ্ঠিত হয় এনসিসি অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-20 টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। যে ম্যাচে মুখোমুখি হয় সব্যসাচী ক্রিকেট অ্যাকাডেমি ও শ্যামনগরের প্রতীক সংঘ। তবে বিশেষ কারণবশত এদিন টুর্নামেন্টের উদ্বোধনে উপস্থিত হতে পারেন নি এনসিসির প্রেসিডেন্ট পবণ ভালোটিয়া ও প্রাক্তন সিএবির সভাপতি অভিষেক ডালমিয়া। তবে ফাইনাল ম্যাচে তারা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

এদিন সব্যসাচী ক্রিকেট অ্যাকাডেমির বিরুদ্ধে প্রতীক সংঘ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রতীক সংঘ মাত্র ১৬ ওভার ১ বলে ৪৯ রানেই অলআউট হয়ে যায়। দুর্দান্ত বোলিং উপহার দেয় সব্যসাচী ক্রিকেট অ্যাকাডেমি।সব্যসাচী ক্রিকেট অ্যাকাডেমির হয়ে তিনটি করে উইকেট নেন ডিম্পেল ও আরাধ্যা।

এরপর জবাবে ব্যাট করতে নেমে সব্যসাচী ক্রিকেট অ্যাকাডেমি সহজেই ম্যাচ জিতে নেয়। মাত্র ৩ উইকেট হারিয়ে সাত উইকেটে জয় লাভ করে সেলিব্রেশনে মেতে ওঠেন ক্রিকেটাররা। ম্যাচের সেরা হন ৩ উইকেট নিয়ে আরাধ্য তিওয়ারি।

