সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সার্ভিসেসকে হারিয়ে দুর্দান্ত জয় বাংলার

0
98

ময়দান আপডেট: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সার্ভিসেসের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিল বাংলা। আজ হায়দরাবাদের জিমখানা মাঠে গ্রুপ সি-র গুরুত্বপূর্ণ ম্যাচে অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বাধীন দল জিতল সাত উইকেটে, ২৯ বল বাকি থাকতেই। টস জিতে ফিল্ডিং নিয়ে ১৮.২ ওভারে ১৬৫ রানেই সার্ভিসেসকে থামিয়ে দেয় বাংলা। সার্ভিসেস অধিনায়ক মোহিত আহলাওয়াত ২২ বলে সর্বাধিক ৩৮ রান করেন। মহম্মদ শামি ৩.২ ওভারে ১৩ রানের বিনিময়ে নেন চার উইকেট। আকাশদীপ ৪ ওভারে ২৭ রান দিয়ে তিনটি উইকেট নেন। ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ৪ ওভারে ৩২ রান খরচ করে পেয়েছেন ২টি উইকেট। প্রদীপ্ত প্রামাণিক ৪ ওভারে ৩৮ রান দিয়ে নেন ১ উইকেট। মুকেশ কুমার ৩ ওভারে ৫৩ রান দেন, উইকেট পাননি।

জবাবে ১৫.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলা, তিন উইকেট খুইয়ে। অভিষেক পোড়েল ৮টি চার ও ২টি ছয়ের সাহায্যে ২৯ বলে ৫৬ রান করেন। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনের ৩৭ বলে ৫৮ রানের ইনিংসে রয়েছে সাতটি চার ও একটি ছয়। তাঁরা দ্বিতীয় উইকেট জুটিতে ৯৩ রান যোগ করেন মাত্র ৫০ বলে। বাংলার ওপেনিং জুটি ভেঙেছিল ১.১ ওভারে ১৪ রানের মাথায়। করণ লাল ১ বলে শূন্য রানে আউট হন। যুবরাজ কেসোয়ানি ১৯ বলে ৩৬ ও আকাশ দীপ ৫ বলে ১৪ রানে অপরাজিত থাকেন। মোহিত রাঠী ২টি ও বিশাল গৌড় ১টি উইকেট পেয়েছেন। এদিনের জয়ের ফলে ৫ ম্যাচে ১৬ পয়েন্ট হলো বাংলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here